


জুরিখ: ক্রমশ কোণঠাসা হচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনো। বিশ্বকাপের স্বত্ব বিক্রির প্রস্তাব নিয়ে তীব্র বিরোধিতা মুখে পড়তে হয়েছিল তাঁকে। চাপের মুখে পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হন ফিফা সভাপতি। এবার সেই ইস্যুকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের পথে হাঁটতে চলেছে বিরোধীরা। উয়েফা, এএফসি ও কনকাকাফের মতো কনফেডারেশনগুলি একত্রে ফিফা সভাপতির মেয়াদ ফুরানোর আগেই পদত্যাগের সুর চড়াচ্ছে। তাদের দাবি, ইনফানতিনো স্বেচ্ছায় পদ না ছাড়লে তাঁকে কার্যত অচল করে দেওয়া হবে। ফিফার বিভিন্ন কার্যকলাপ বর্জন থেকে শুরু করে বিকল্প আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন পর্যন্ত নানা পদক্ষেপ নেওয়ার ভাবনাচিন্তাও শুরু করেছে বিরোধীরা। ফলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন ফিফা সভাপতি। সূত্রের খবর, ফিফার অধীনে থাকা ২১১টি সদস্য দেশের মধ্যে মাত্র ১৫টি ইনফাতিনোকে সমর্থন জানিয়েছে। আর বিরোধিতার তালিকায় নাম রয়েছে সমস্ত বড়ো দেশগুলির।
পরিস্থিতি বেগতিক দেখে ‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হয়েছিলেন ইনফানতিনো। বেশ কয়েকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেন তিনি। তবে এই কঠিন সময়ে মার্কিন প্রেসিডেন্ট ফোন ধরেননি। বিশ্বকাপ মিটতেই ইনফানতিনোকে ঘাড় থেকে ঝেড়ে ফেলতে চাইছেন ট্রাম্প। অথচ তাঁর আত্মীয়ের কাছেই বিশ্বকাপ বিক্রির ছক কষেছিলেন ফিফা প্রেসিডেন্ট।