


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তরল প্রাকৃতিক গ্যাসে (এলএনজি) চলবে এমন ৬টি ১৭০০ টিইইউ ভেসেল বা জলযান নির্মাণের জন্য চুক্তি করল রাষ্ট্রায়ত্ত কোচিন শিপইয়ার্ড লিমিটেড। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফরাসি জাহাজ নির্মাণ সংস্থা সিএমএ সিজিএম-এর সঙ্গে বৃহস্পতিবার দিল্লিতে এই চুক্তি সই হয়। এই অনুষ্ঠানে জাহাজ বিভাগের রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর, জাহাজ মন্ত্রকের সচিব বিজয় কুমার-সহ দুই সংস্থার শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। কোচিন শিপইয়ার্ডের কোচিন ইউনিটে এই ভেসেলগুলি নির্মাণ করা হবে। এগুলি ভারতীয় রেজিস্টার্ড ভেসেল হিসেবে চলবে। জাহাজ শিল্পের উন্নতির জন্য কেন্দ্রীয় সরকার যে উদ্যোগ নিয়েছে এটা তারই অংশ বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে। কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এই প্রসঙ্গে বলেছেন, ফরাসি রাষ্ট্রপ্রধানের ভারতে আসার সময়ে এই চুক্তি হওয়াটা খুবই তাৎপর্যপুর্ণ। ভারত ও ফ্রান্সের মধ্যে গভীর সম্পর্ক ফরাসি জাহাজ নির্মাণ সংস্থার সঙ্গে এই চুক্তিকে আরো শক্তিশালী করবে। দেশের জাহাজ শিল্পকে আরো উন্নত করবে এই চুক্তি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গতবছর ফ্রান্স সফরের সময় এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হয়। এবার তা বাস্তবায়িত হচ্ছে। দুই দেশের সংস্থার মধ্যে ভেসেল নির্মাণ নিয়ে কারিগরি ও বাণিজ্যিক সমঝোতার মধ্যে প্রকল্পটি রূপায়িত হবে।