


সংবাদদাতা, কাকদ্বীপ: পাথরপ্রতিমার পানিপুকুর নদীবাঁধে হঠাৎ করে ধস নামায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার রাতে বিকট শব্দ শোনা যায়। দেখা যায়, বাঁধের সামনের কিছুটা অংশ ধসে গিয়ে নদী গর্ভে তলিয়ে গিয়েছে। এমনকি, বাঁধের উপরে থাকা একটি বড়ো গাছও ডালপালা সমেত নদীর গর্ভে চলে গিয়েছে। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তারানগর টেকারঘাট এলাকায়। এই এলাকায় দীর্ঘদিন নদীবাঁধ সংস্কার করা হয়নি বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওইদিন রাতে হঠাৎই ১৬০ ফুট এলাকা জুড়ে ধস নামে। এছাড়াও বাঁধের বেশ কিছুটা জুড়ে ফাটল দেখা দিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাঁধটি বেহাল অবস্থায় রয়েছে। এ নিয়ে বিভিন্ন দপ্তরে জানানো হলেও কোনো সুরাহা হয়নি।
স্থানীয় বাসিন্দা সবিতা পুষ্টি বলেন, ‘রাতে নদীবাঁধের দিকে বিকট শব্দ হয়। ওই শব্দ শুনে গ্রামবাসীরা বাড়ি থেকে বেরিয়ে আসেন। বাঁধের কাছে গিয়ে দেখা যায়, বিশাল অংশ জুড়ে ধস নেমেছে। তখন থেকেই গ্রামবাসীদের চোখে আর ঘুম নেই। সবাই আতঙ্কে রয়েছেন। কারণ এখন চাষের সময়। বাঁধ ভেঙে যদি গ্রামে নোনা জল ঢোকে, তাহলে ধান গাছ পচে যাবে। তাই অগ্রাধিকারের ভিত্তিতে নদীবাঁধটি মেরামত করার প্রয়োজন রয়েছে।’