


হায়দরাবাদ: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন হায়দরাবাদের সাংসদ তথা মিমের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। অসম বিজেপির পোস্ট করা একটি ভিডিয়ো ঘিরে বিতর্ক ছড়ায়। ভিডিয়োতে দেখা যায়, রাইফেল নিয়ে সংখ্যালঘুদের ছবিতে নিশানা করছেন হিমন্ত। ক্যাপশনে লেখা, ‘পয়েন্ট ব্ল্যাংক শট’। এই বিতর্কিত ভিডিয়োর প্রতিবাদে সরব বিরোধীরা। তীব্র সমালোচনার মুখে অসম বিজেপি ওই পোস্ট মুছে ফেললেও বিতর্ক থামেনি। সোমবার সেই ঘটনায় হিমন্তের বিরুদ্ধে হায়দরাবাদে অভিযোগ দায়ের করলেন ওয়েইসি। হিমন্তের বিরুদ্ধে দুই সম্প্রদায়ের মধ্যে হিংসা উসকে দেওয়ার অভিযোগ করেছেন ওয়েইসি। পালটা হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, ‘আমি জেলে যাওয়ার জন্য তৈরি। আমি কোনও ভিডিয়োর বিষয়ে কিছু জানি না। যদি উনি (ওয়েইসি) আমার বিরুদ্ধে মামলা করেন, তবে আমায় গ্রেপ্তার করুন। তবুও বলব আমি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এবং সেই লড়াই জারি থাকবে।’