


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সদ্য শেষ হওয়া বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের দুই চিকিৎসক প্রার্থী ডাঃ রাজীব বিশ্বাস এবং ডাঃ সৌগত বর্মনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল। প্রথম ক্ষেত্রে সরকারি চাকরি ছাড়ার পর ডাঃ বিশ্বাস যেন কোনোভাবেই পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি হিসাবে কাজে তথা পঠনপাঠনে অংশ নিতে না পারেন, সেই মর্মে অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্য অধিকর্তার (শিক্ষা) কাছে। প্রসঙ্গত, ডাঃ বিশ্বাস ন্যাশনাল মেডিকেল কলেজে অর্থোপেডিক বিভাগে পিজিটি হিসাবে কাজ করতেন। দ্বিতীয় ক্ষেত্রে কল্যাণী মেডিকেল কলেজের স্ত্রীরোগ বিভাগের অধ্যাপক ডাঃ বর্মন ভোটে দাঁড়ানোর পর যেন কোনোভাবে সরকারি চাকরিতে ফের যোগ দিতে না পারেন, সেই মর্মে অভিযোগ জমা পড়েছে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে।
অভিযোগকারী ন্যাশনালিস্ট ডক্টর্স-এর তরফে ডাঃ রাজীব পান্ডে বলেন, দু’জনেই ভোটে দাঁড়ানোর পরও সরকারি কাজে যোগ দেওয়ার চেষ্টা করেছেন। প্রথম ক্ষেত্রে আমাদের অভিযোগ জমা পড়বার পর ডাঃ বিশ্বাসের জয়েনিং আটকানো গিয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ হবে বলে আশা রাখছি। ডাঃ বিশ্বাস হরিণঘাটা এবং ডাঃ বর্মন রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। রাজীববাবু বলেন, সরকারি চাকরি আগেই ছেড়েছি। আশা করছি, নতুন সরকার পড়াশোনার অধিকার থেকে আমাকে বঞ্চিত করবে না। অন্যদিকে ফোন না ধরায় ডাঃ বর্মনের বক্তব্য মেলেনি।