


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী মঙ্গলবার আইএফএ শিল্ডের উদ্বোধন। সূচি অনুযায়ী প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং। কিন্তু মিনি ডার্বি নিয়ে হঠাৎই তীব্র অনিশ্চয়তা। আইএফএ শিল্ড না-ও খেলতে পারে মহমেডান স্পোর্টিং। সচিব ওয়াসিম আক্রাম স্পষ্টই বললেন, ‘রেফারিং জঘন্য। আমরা শিল্ড খেলব না।’ তবে আইএফএ সচিবের মন্তব্য, ‘আপনাদের কাছেই এমনটা শুনলাম। তবে মহমেডান ম্যানেজমেন্ট সরকারিভাবে আইএফএ’কে কিছু জানায়নি। তেমন হলে প্রথম ম্যাচে প্রতিপক্ষ ওয়াকওভার পাবে।’ উল্লেখ্য, গ্রুপে ইস্ট বেঙ্গলের সঙ্গেই রয়েছে মহমেডান স্পোর্টিং ও পাঞ্জাব এফসি। প্রতিটি গ্রুপ থেকে দু’টি দল সেমি-ফাইনালে পৌঁছাবে।
এদিকে, আন্তোনিও লোপেজ হাবাসও শিল্ডে সিনিয়র দল খেলাতে নারাজ। তবে কয়েকজন ফুটবলারকে রিলিজ করার জন্য কোচের সঙ্গে বৈঠকে বসবেন কর্তারা। পাশাপাশি, নাইজেরিয়ান ফুটবলার এফিয়ংয়ের ভিসা সমস্যা মেটার পথে। আগামী কয়েকদিনের মধ্যে তাঁকে কলকাতায় উড়িয়ে আনতে চায় টিম ম্যানেজমেন্ট। পোল্যান্ডের স্ট্রাইকার লুকাসেরও আগামী সপ্তাহে শহরে আসার কথা। ১৩ অক্টোবর এসিএল টু-এর দ্বিতীয় ম্যাচে পূর্ণশক্তি নিয়ে মাঠে নামবে ইস্ট বেঙ্গল।