


নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পানীয় জলে সংক্রমণ নিয়ে উদ্বেগ কাটেনি রাজারহাট চৌমাথা সংলগ্ন এক নামী আবাসনে। নতুন করে অনেকেই অসুস্থ হয়েছেন। এর মধ্যে তিন বছরের এক শিশুকে হাসপাতালে ভর্তিও করা হয়েছে। পঞ্চায়েতের পক্ষ থেকে ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হলেও অনেক বাসিন্দা জল কিনে খাচ্ছেন। তাতে খরচ বাড়ছে। এভাবে কতদিন জল কিনতে হবে, তাঁরা জানেন না। কয়েকজন আবার আত্মীয়ের বাড়িতে চলে গিয়েছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কীভাবে সংক্রমণ হয়েছে, তা জানার জন্য পানীয় জলের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়েছে। তবে, রির্পোট এখনও আসেনি।
পানীয় জলে সংক্রমণ নিয়ে রবিবার আবাসনের বাসিন্দারা বিক্ষোভ শুরু করেছিলেন। সেই খবর পেয়ে পুলিশ, স্থানীয় বিধায়ক সকলেই যান। ওইদিন বিকাল থেকেই মেডিকেল ক্যাম্প করা হয়েছিল। ২৫-৩০ জন সেখানে গিয়েছিলেন। পরদিন আরও ৭০ জন চিকিৎসার পরামর্শ দেন। বাসিন্দাদের দাবি, আক্রান্তের সংখ্যা শতাধিক। সোমবার রাতে এবং মঙ্গলবার সকালেও অনেকেই অসুস্থবোধ করেছেন। কারও বমি হচ্ছে। গা বমি বমি করছে। খিদে নেই। কারও পেটে অসহ্য ব্যথা। কারও আবার ডায়েরিয়ার উপসর্গ দেখা দিয়েছে। শিশুদের পাশাপাশি প্রবীণ নাগরিকরাই অসুস্থ হচ্ছেন। বর্তমানে ওই আবাসনে যে জল সরবরাহ করা হচ্ছে, তা এখনও খাওয়ার যোগ্য নয়। শুধুমাত্র ধোয়া-মোছার কাজে ব্যবহার করা যাচ্ছে। জলের গুণমান পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত সরবরাহ করা জল পানীয় বা রান্নার কাজে ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।