


সিমলা: অপারেশন সিন্দুরের পর ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। ভারতের মাটিতে ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠিয়ে হামলার চেষ্টা চালায় ইসলামাবাদ। যার বেশিরভাগই তুরস্কের তৈরি। এই পরিস্থিতি সঙ্গে তুরস্কের সম্পর্ক নতুন করে ভেবে দেখা উচিত বলে মনে করেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র কুলদীপ সিং রাঠোর। তুরস্ক থেকে আপেল সহ অন্যান্য সামগ্রী আমদানি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি। ২০২৩ সালে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল তুরস্কে। প্রাণ হারিয়েছিলেন ৫০ হাজারের বেশি মানুষ। তখন ত্রাণ সামগ্রী ও মেডিক্যাল সরঞ্জাম নিয়ে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছিল ভারত। কিন্তু আজ ভারতের সেই ‘অপারেশন দোস্ত’-এর কথা ভুলে গিয়েছে আঙ্কারা। ইসলামাবাদকে ড্রোন পাঠিয়ে অস্ত্র সহায়তা করছে তুরস্ক। কংগ্রেস নেতা বলেন, দেশ আগে। তুরস্কের সঙ্গে সমস্ত আমদানি-রপ্তানি সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি ভারতীয়দের সেদেশে না যাওয়াই উচিত।