


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিস্তা নদীর উপর সেভকে ৬ লেনের নতুন সেতু নির্মাণের জন্য ১,১৭৫.৫৯ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। এই প্রকল্পের কথা নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে জানান কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাদকারি।
জানা গিয়েছে, দার্জিলিং জেলার সেভক এলাকায় এনএইচ-১০-এর উপর প্রস্তাবিত এই সেতুটির দীর্ঘতা হবে প্রায় ৬.৯১ কিলোমিটার। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে সিকিম, উত্তর-পূর্বের রাজ্যগুলি এবং শিলিগুড়ি করিডরের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে আশা করা গিয়েছে।
নতুন এই সেতু তৈরির পর যাত্রী ও পণ্য পরিবহণ আরও সহজ ও দ্রুত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পর্যটন, বাণিজ্য, লজিস্টিক পরিষেবা এবং আঞ্চলিক অর্থনীতিতেও এর প্রভাব পড়বে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। বর্তমানে তিস্তা উপত্যকা ও এনএইচ-১০ উত্তরবঙ্গ এবং সিকিমের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। ২০২৩ সালের তিস্তার ভয়াবহ বন্যায় এই অঞ্চলের সড়ক ও সেতু পরিকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
কেন্দ্রের তরফে জানা গিয়েছে, প্রস্তাবিত সেতু ও সংশ্লিষ্ট সড়ক পরিকাঠামো তৈরি হলে যাতায়াতের সময় কমবে এবং যানজটের চাপ কমবে। পাশাপাশি পণ্য ও পরিষেবা পরিবহণের দক্ষতাও বাড়বে। এর ফলে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে একাধিক ব্যবসায়ী ও পর্যটন নির্ভর পরিষেবাগুলিও উপকৃত হতে পারে বলে মনে করা হচ্ছে।