


সংবাদদাতা, আলিপুরদুয়ার: লরি-কন্টেনারের মুখোমুখি সংঘর্ষ। সেতুর রেলিং ভেঙে ৪০ ফুট নীচে পড়ল কন্টেনার। মৃত্যু হল চালকের। আজ, মঙ্গলবার ভোরে হাসিমারার কাছে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে লরির সঙ্গে কন্টেনারটির মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গিয়েছে ওই কন্টেনারটি অসম থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেই সময়ে আচমকাই উল্টোদিক আসা একটি লরির সঙ্গে সেটির সংঘর্ষ হয়। তার অভিঘাত এতটাই বেশি ছিল যে তোর্সা সেতুর রেলিং ভেঙে কন্টেনারটি ৪০ ফুট নীচে নদীতে পড়ে যায়। দুমড়ে-মুচড়ে যায় কন্টেনারের সামনের অংশ।
যদিও এই মরশুমে নদীতে জল বেশি ছিল না। ফলে দ্রুত উদ্ধারকাজও শুরু হয়। কিন্তু কন্টেনারটি অত উঁচু থেকে নীচে পড়ায় অকুস্থলেই মৃত্যু হয় চালকের। পুলিশ এখনও পর্যন্ত মৃতের নাম, পরিচয় ও ঠিকানা উদ্ধার করতে পারেনি।