


সংবাদদাতা, লালবাগ: সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ির পিছনে ধাক্কা মারল কন্টেনার। আজ, শুক্রবার সন্ধ্যায় নবগ্রাম থানার পলসন্ডা মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। অক্ষত রয়েছেন সিপিএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা ও তাঁর গাড়ির চালক। তবে ধাক্কায় গাড়িটির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পরই কন্টেনারটি আটক করেছে পুলিশ। তার চালককেও আটক করা হয়েছে বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, জঙ্গিপুরে দলীয় কর্মসূচি সেরে বহরমপুরে ফিরছিলেন জামির। পলসন্ডা মোড়ে সিগন্যাল লাল থাকায় তাঁর গাড়ি দাঁড়িয়েছিল। সেই সময় পিছন থেকে একটি কন্টেনার এসে গাড়িটিতে ধাক্কা মারে। আচমকা এই ঘটনায় গাড়ির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড়সড় কোনো বিপদ ঘটেনি।
জামির বলেন, “জঙ্গিপুরে দলীয় কর্মসূচি সেরে বহরমপুরে ফিরছিলাম। পলসন্ডা মোড়ে সিগন্যালে গাড়ি দাঁড় করানো ছিল। সেই সময় পিছন থেকে এসে কন্টেনারটি ধাক্কা মারে। আমি গাড়ির সামনের দিকে বসে থাকায় জখম হইনি। চালকও সুরক্ষিত রয়েছে।” অন্যদিকে, পুলিশের এক আধিকারিক জানান দুর্ঘটনায় কেউ জখম হননি। গাড়িটির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পরে কন্টেনারটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।