


নিজস্ব প্রতিনিধি, বরানগর: বিচ্ছেদের মামলা চলছিল। সেই আইনি প্রক্রিয়া চলাকালীন ব্যবসায়ী স্বামীকে খুনের জন্য প্রেমিকের সঙ্গে যোগসাজশ করেছিল গৃহবধূ। দেওয়া হয়েছিল সুপারিও। স্বামীর বিপুল সম্পত্তি হাতাতেই তৈরি হয়েছিল খুনের ব্লু-প্রিন্ট। কিন্তু নাগেরবাজার থানার সক্রিয়তায় সেই ছক ভেস্তে গিয়েছে। গৃহবধূর প্রেমিক অভিযুক্ত রবিউল সানাকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি বাংলাদেশে। ধৃতকে মঙ্গলবার বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাতদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। গৃহবধূ ও সুপারি কিলারের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। পুলিশ কমিশনার অমিতকুমার সিং বলেন, খুনের ষড়যন্ত্র করা হয়েছিল। বাকি দুই অভিযুক্তকেও দ্রুত গ্রেপ্তার করা হবে।
নাগেরবাজার থানার অর্জুনপুরের বাসিন্দা গোবিন্দ দাস পেশায় ব্যবসায়ী। ওই এলাকায় তাঁর গেঞ্জির কারখানা রয়েছে। স্ত্রীর নাম মানসী দাস। গোবিন্দবাবুর গাড়িচালক ছিল রবিউল সানা। এদেশে আসার পর সে দীর্ঘদিন নিমতার ফতুল্লাপুর ও মধ্যমগ্রামে ভাড়া বাড়িতে থাকত। এরপর দালাল মারফত এদেশে এসে জাল নথি তৈরি করেছিল। গোবিন্দবাবুর গাড়িচালক হিসাবে কাজ করার সময় রবিউল মানসীদেবীর ঘনিষ্ঠ হয়ে পড়ে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বছর দেড়েক আগে এই গাড়িচালক তার মালকিনকে নিয়ে পালিয়ে যায়। অভিযোগ, মানসীদেবী পালানোর আগে প্রচুর টাকা নিয়ে গিয়েছেন। এরপর গোবিন্দবাবু আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেন। সেই মামলা এখনও চলছে। গোবিন্দবাবুর কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তির অংশীদার ছিলেন মানসীদেবী। অভিযোগ, তিনি পুরো সম্পত্তি হাতাতেই স্বামীকে খুন করতে প্রেমিক রবিউলের সঙ্গে ষড়যন্ত্রের জাল বুনেছিল। ঠিক করেছিল এক সুপারি কিলারকে।
কয়েকদিন ধরেই কারখানার বাইরে বহিরাগতদের যাতায়াত দেখে সন্দেহ হয় গোবিন্দবাবুর। সম্প্রতি তিনি নাগেরবাজার থানায় গিয়ে তাঁর আশঙ্কার কথা জানান। পুলিশ সন্দেহভাজনদের গতিবিধির উপর নজরদারি চালায়। সোর্স মারফত খবর আসে, চলতি সপ্তাহে বড়ো কোনো ঘটনা ঘটতে পারে। এরপর দ্রুত পদক্ষেপের সিদ্ধান্ত নেয় পুলিশ। সোমবার রাতে নাগেরবাজার থানার ওসি সুমিতকুমার বৈদ্যের নেতৃত্বে পুলিশ জাল বিছিয়ে গোবিন্দবাবুর গাড়িচালক রবিউলকে যশোর রোড এলাকা থেকে গ্রেপ্তার করে। গোবিন্দবাবুর স্ত্রী পলাতক। তাঁর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। যাকে সুপারি দেওয়া হয়েছিল, তাকে চিহ্নিত করেছে পুলিশ। তাকে এখনও পাকড়াও করা যায়নি। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জেরায় ধৃত রবিউল খুনের ষড়যন্ত্রের কথা স্বীকার করে নিয়েছে।