


নয়াদিল্লি: অযোধ্যার রামমন্দিরের অনুদান ও প্রণামী চুরির খবর প্রকাশ্যে এনে সাড়া ফেলে দিয়েছিলেন সাংবাদিক অভিষেক উপাধ্যায়। ইতিমধ্যে এই হুইসলব্লোয়ারের বিরুদ্ধে কয়েকটি মামলা করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এমনকী তাঁর পরিবারকেও হেনস্তার অভিযোগ তুলেছেন তিনি। এবার সড়ক দুর্ঘটনা সংক্রান্ত একটি মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ উপাধ্যায়। গাজিয়াবাদ পুলিশের দায়ের করা এফআইআর খারিজের আবেদন জানিয়েছেন তিনি। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে উপাধ্যায়ের আবেদনটি পেশ করা হয়। আজ, মঙ্গলবার তার শুনানি হতে পারে।
এদিন উপাধ্যায়ের আইনজীবী আদালতে দাবি করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। সম্প্রতি তফসিলি জাতি ও উপজাতি আইনেও মামলা হয়েছে । ২০ আগস্ট পুলিশ তাঁর বাড়িতে তল্লাশি চালায় এবং পরেরদিনও সেখানে যায়। গাজিয়াবাদে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরটি সাজানো বলে দাবি করা হয়েছে। তাঁর আরও অভিযোগ, এফআইআরের কপি দেওয়া হয়নি। পাশাপাশি সংশ্লিষ্ট সময়ের সিসিটিভি ফুটেজ মুছে ফেলার জন্য পুলিশ স্থানীয় দোকানদারদের চাপ দিচ্ছে বলেও তিনি দাবি করেছেন। সড়ক দুর্ঘটনা সংক্রান্ত সেই এফআইআরটি বাতিল করার আবেদন জানিয়েছেন উপাধ্যায়।