


হায়দরাবাদ, ৬ মে: পাঞ্জাবকে ৩৩ রানে হারিয়ে জয়ী হল হায়দরাবাদ। আজ, বুধবার আইপিএলের ৪৯তম ম্যাচে মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ এবং পাঞ্জাব কিংস। এদিন হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করে হায়দরাবাদ। ১৩ বলে ৩৫ রান করে আউট হন ওপেনার অভিষেক শর্মা। ট্র্যাভিস হেড ৩৮ রানে চাহালের বলে জানসেনের হাতে ক্যাচ তুলে আউট হন। কিপার ঈশান কিষান ৩২ বলে ৫৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁকে যোগ্যসঙ্গত দেন ক্লাসেন। ৪৩ বলে ৬৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। নীতীশ রেড্ডি ১৩ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে টিম হায়দরাবাদ। পাঞ্জাবের হয়ে একটি করে উইকেট পান অর্শ্বদীপ, চাহাল, ফার্গুসন এবং বিজয় কুমার।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে পাঞ্জাবের টিম। প্রথম ওভারেই ১ রানে আউট হন প্রিয়াংশ। ৩ রানে ফেরেন কিপার প্রভসিমরণ। অধিনায়ক শ্রেয়স আইয়ার করেন মাত্র ৫ রান। শিবাংয়ের বলে ঈশানের হাতে ক্যাচ তুলে ২৮ রানে প্যাভিলিয়নে ফেরেন স্টোনিসও। শেডগে আউট হন ২৫ রানে, শশাঙ্ক করেন ৪ রান। ১২.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে দলের রান তখন ১১৯। শেষে জানসেন ১৯ রানে আউট হন। কিন্তু ক্রিজের একদিকে টিকে থাকেন কুপার। করেন সেঞ্চুরিও। ১০৭ রানে অপরাজিত থাকেন তিনি। তবে তাতে লাভ হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ২০২ রান তুলতে পারে পাঞ্জাবের দল। ৩৩ রানে জয়ী হয় হায়দরাবাদ। ২টি করে উইকেট পান কামিন্স, শিবাংরা। ১টি করে উইকেট আসে নীতীশ, মালিঙ্গা এবং সাকিবের ঝুলিতে।