


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি বছরের জানুয়ারি মাসে হাওড়া স্টেশন চত্বরে ২ লক্ষ টাকার জালনোট সহ কলকাতা পুলিসের এসটিএফের হাতে ধরা পড়ে এক পাচারকারী। উত্তরপ্রদেশের বাসিন্দা ওই ব্যক্তির নাম গোপাল কিষাণ পাওয়ার। ‘দোষ’ কবুল করা জালনোট পাচারকারীকে আট বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল আদালত। শুক্রবার কলকাতা নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সুকুমার রায় ওই আদেশ দিয়েছেন। এছাড়া দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছ’মাসের হাজতবাসের নির্দেশ দেন। এই মামলার বিশেষ সরকারি কৌঁসুলি সৈকত পান্ডে জানান, ২০২৫ সালের ২৫ জানুয়ারি দুপুরে এই জালনোট পাচারকারীকে পাকড়াও করে কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) অফিসাররা। তার ব্যাগ থেকে উদ্ধার হয় ২ লক্ষ টাকার জালনোট। সমস্ত নোটই ছিল পাঁচশো টাকার। এই ঘটনায় পুলিস পরে গ্রেপ্তার করে গোপাল কিষাণের এক শাগরেদকে। মামলার দ্রুত তদন্ত শেষ করে পুলিস আদালতে চার্জশিট পেশ করে। মামলায় সাক্ষ্য দেন ছ’জন। চার্জ গঠন করে মূল মামলার বিচার প্রক্রিয়া শুরু হলে ওই অপরাধী দোষ স্বীকার করে কম সাজার জন্য বিচারকের কাছে আর্জি জানায়। এদিন বিচারক অভিযুক্তকে ষড়যন্ত্র, জালনোট মজুত ও ব্যবহার করা ছাড়াও ইউএপিএ আইনে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গিয়েছে, এই অপরাধীর শাগরেদের বিরুদ্ধে এই জালনোট পাচার মামলার শুনানি চলবে।