


সংবাদদাতা, ময়নাগুড়ি: জাল ধূপকাঠি কাণ্ডে এবার ময়নাগুড়ি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হল এক যুবক। অভিযুক্ত যুবককে আজ, বৃহস্পতিবার আদালতে নিয়ে যাওয়া হলে বিচারক তাকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম কার্তিক দেবনাথ। বাড়ি ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি এলাকায়।
অভিযোগ, নামী একটি কোম্পানির লোগো এবং প্যাকেট নকল করে জাল ধূপকাঠির ব্যবসা শুরু করেছিল অভিযুক্ত যুবক। ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় সে আসল ধূপকাঠির পাইকারি দামে এই নকল ধূপকাঠিগুলি বিক্রি করছিল। এমনই সূক্ষ্মভাবে নকল ধূপকাঠিগুলি পাইকারি এবং খুচরো ব্যবসায়ীদের কাছে বিক্রি হতো যে তাঁরাও ফারাক ধরতে পারতেন না। এদিকে দীর্ঘদিন ধরে আসল কোম্পানিটি ময়নাগুড়িতে মুনাফা কম আসার কারণ খুঁজতে শুরু করে। আসল কোম্পানির পক্ষ থেকে নজরদারিও শুরু হয়। গতকাল অর্থাৎ বুধবার সারাদিন ধরে ময়নাগুড়ির বিভিন্ন এলাকায় চলে অভিযান। উদ্ধার হয় নকল ধূপকাঠির অসংখ্য প্যাকেট। আর এই ঘটনার জেরে গতকাল রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত কার্তিককে।
ধৃত কার্তিক দাবি করেছে, সে যে ব্যবসা করছে তার নাকি বৈধ কাগজ রয়েছে। গুজরাত থেকে সামগ্রীগুলি আসে। ঘটনায় তদন্তকারী পুলিশ আধিকারিক বলেন, এই চক্রের পেছনে বড় র্যাকেট রয়েছে। প্রত্যেকেই ধরা পড়বে। অভিযুক্তকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এদিকে আসল কোম্পানির লিগাল সেলের পক্ষ থেকে পঙ্কজ শ্রীবাস্তব বলেন, দেড় বছর ধরে আমরা অভিযোগ পাচ্ছিলাম। সেই কারণে ময়নাগুড়ি বাজারে নজর রাখতে শুরু করি। অবশেষে প্রশাসনের সহযোগিতায় প্রচুর নকল ধূপকাঠি উদ্ধার হয়েছে।