


পাতিয়ালা: এবার পাঞ্জাবে পোষা কুকুরের আক্রমণে গুরুতর জখম হলেন এক দম্পতি। মঙ্গলবার স্ত্রী শেফালিকে সঙ্গে নিয়ে ভাড়াবাড়ি দেখতে বেরিয়েছিলেন পাতিয়ালার বাসিন্দা অঙ্কিত সবরওয়াল। ঘুমন নগরের একটি আবাসনের দরজা খুলতেই তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে পিটবুল প্রজাতিরএকটি কুকুর। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, কুকুরটি মহিলার হাত ও অন্যত্র কামড়ে দিচ্ছে। শরীরে গুরুতর ক্ষত নিয়ে শেফালি এখন হাসপাতালে চিকিৎসাধীন। স্ত্রীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন অঙ্কিতও। তাঁর পায়ে এবং পিঠে কামড়ের গভীর ক্ষত রয়েছে।
ভিডিয়োতে আরও দেখা যাচ্ছে, দম্পতিকে বাঁচাতে লাঠি নিয়ে এগিয়ে আসছেন এক মহিলা। তবে তাতে কোনো কাজ হয়নি। এরপর অন্যান্য ঘর থেকেও অনেকে এগিয়ে আসেন। তাঁদের চেষ্টায় দম্পতি প্রাণে বাঁচেন। পুলিশে অভিযোগ জানিয়েছেন অঙ্কিত। পোষা কুকুরকে যারা এভাবে ছেড়ে দিয়েছে, তাদের কঠোর শাস্তির দাবি করেছেন তিনি। পাতিয়ালার মেয়র কুন্দন গোগিয়া বলেন, হিংস্র প্রজাতির কুকুর পোষা শহরে নিষিদ্ধ করা হবে। এই নিয়ে পুর অধিবেশনে আলোচনা করার আশ্বাস দিয়েছেন তিনি। বিশেষ প্রস্তাব আনা হবে বলে তিনি জানিয়েছেন।