


ওয়াশিংটন: এবার নাগরিকত্ব ইস্যুতে মার্কিন সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর নির্দেশ উড়িয়ে দেশের মাটিতে জন্মানো প্রত্যেক শিশুর মার্কিন নাগরিকত্বের অধিকার বহাল রাখল শীর্ষ আদালত। জানা গিয়েছে, দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসে প্রথম দিনই এসংক্রান্ত একটি এগজিকিউটিভ নির্দেশে সই করেছিলেন ট্রাম্প। সেখানে পৃথকভাবে অনুপ্রবেশকারী ও অস্থায়ীভাবে বসবাসকারীদের কথা উল্লেখ করা হয়। নির্দেশিকা অনুযায়ী, এই ধরনের অভিভাবকদের সন্তান আমেরিকার মাটিতে জন্মালেও মার্কিন নাগরিকত্ব পাবে না। দেশের ১৪তম সংবিধান সংশোধনীর উলটো পথে হেঁটে এই সিদ্ধান্ত গ্রহণ করে ট্রাম্প সরকার। ওই সংশোধনীতে বলা হয়েছিল, আমেরিকার মাটিতে জন্মগ্রহণ করলেই মার্কিন নাগরিক। এদিনের রায়ে সেই সাংবিধানিক ‘অধিকারকেই’ পুনর্বহাল করল সুপ্রিম কোর্ট।
এই মামলায় এগজিকিউটিভ নির্দেশের পক্ষে একাধিক যুক্তি খাড়া করেছিল প্রশাসন। ট্রাম্প সরকার দাবি করেছিল, জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টিকে ভুলভাবে গ্রহণ করা হয়েছিল। কারণ, যেসব অভিভাবকরা আমেরিকার নাগরিক নন, তাঁদের সন্তান শুধুমাত্র মার্কিন মুলুকে জন্মগ্রহণের ফলে এদেশের নাগরিকত্ব পেতে পারে না। যদিও সুপ্রিম কোর্টে এই যুক্তি ধোপে টেকেনি।