


নয়াদিল্লি: সম্পর্কে তুতো ভাইবোন। অথচ একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই সম্পর্ক মেনে নেয়নি দু’জনের পরিবার। তার জেরে দিল্লির একটি পার্কে গাছ থেকে ঝুলে আত্মঘাতী হল ওই যুগল। শনিবার সকালের এই ঘটনাটি দক্ষিণ দিল্লির হাউজ খাসের। জানা গিয়েছে, ২১ বছরের ওই তরুণ লোধি কলোনির একটি পিৎজা দোকানে কাজ করতেন। অন্যদিকে, আয়ার কাজ করতেন ১৮ বছরের ওই তরুণী। এক পুলিস অফিসারের কথায়, ‘দু’জনের বাবা সম্পর্কে ভাই। তা সত্ত্বেও একে অপরের প্রতি আকৃষ্ট হয়েছিলেন তাঁরা। কয়েকদিন আগেই পরিবারের পক্ষ থেকে তাঁদের সতর্ক করা হয়েছিল।’ ঘটনাস্থলের কাছে দু’টি ভাঙা মোবাইল উদ্ধার করা হয়েছে। পুলিস জানিয়েছে, একটি ফোনের মধ্যে সিমকার্ড ছিল। সেই সূত্র ধরেই দেহ দু’টি শনাক্ত করা গিয়েছে। কোনও সুইসাইড নোট মেলেনি। স্থানীয়দের দাবি, দু’জনকে খুন করা হয়েছে।