


নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কাঁচরাপাড়ায় সিপিএমের মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠল। বৃহস্পতিবার বিকালের ঘটনা। অভিযোগ, মারধর করা হয় দুই নেতাকে। হকারদের পুনর্বাসন সহ বিভিন্ন দাবিতে রেলকে ডেপুটেশন দেওয়া হবে বলে সিপিএমের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল। কাঁচরাপাড়া এরিয়া কমিটির সাধারণ সম্পাদক দেবাশিস রক্ষিতের নেতৃত্বে দ্বারভাঙা কলোনি থেকে শুরু হওয়া মিছিল কিছুটা দূরে গেলে হকার, অটো, টোটো চালকরা মিছিলকে আটকে দেন। হকাররা বলেন, আমরা রেলের দয়ায় ব্যবসা করছি। আপনারা রেলের বিরুদ্ধে কিছু করবেন না। মিছিল আর এগতে দেওয়া যাবে না। দুপক্ষের মধ্যে তর্কাতর্কি ও বচসা হয়। এরপরেই দেবাশিসকে রাস্তায় ফেলে মারা হয়। মারধর করা হয় শম্ভু চট্টোপাধ্যায়কেও। দেবাশিস বলেন, আমরা একটি ডেপুটেশন দেব বলে আগে থেকেই ঘোষণা করেছিলাম। আমাদের মিছিল করতে দেওয়া হল না। উলটে মারধর করা হল। ঘটনায় বিজেপির যোগ অস্বীকার করেন স্থানীয় বিধায়ক সুদীপ্ত দাস। তিনি বলেন, সিপিএমের মিছিলে বাধা দিয়েছেন অটো টোটো চালকরা। সিপিএম এখন কুমিরের কান্না শুরু করেছে। সিপিএমকে এই নাটক করার দরকার নেই।