


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিল্লিতে ককরোচ পার্টির আন্দোলন এবং তার জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা পরবর্তী সময়ে তরুণদের নিয়ে নতুন করে ভাবছে সিপিএম। আগামী ১০ সেপ্টেম্বর বারাসতের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে চলেছে ‘প্রজন্মের ডাকে’ নামাঙ্কিত অনুষ্ঠান। সিপিএমের ব্যানারে এই অনুষ্ঠান হচ্ছে না। বুদ্ধদেব ভট্টাচার্য কালচারাল সেন্টার আয়োজিত এই অনুষ্ঠানের নেপথ্যে সিপিএম নেতারাই রয়েছেন। এখানে বক্তব্য রাখবেন সিপিএমের আট তরুণ নেতা-নেত্রী। পাশাপাশি নাচ-গানের অনুষ্ঠান থাকছে। গণসংগীতের পাশাপাশি র্যাপও থাকবে এখানে। কর্মী-সমর্থকদের দিয়ে হল ভরানো নয়, কিউআর কোড দিয়ে রেজিস্ট্রেশন করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আগ্রহীরা।
রেজিস্ট্রেশন করতে চাইলে একটি ফর্ম পূরণ করতে হচ্ছে। নাম, ফোন নম্বর ছাড়া সেখানে লিখতে হবে গোটা দেশ ও রাজ্যে তরুণ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ইস্যু হিসেবে তাঁরা কোন কোন বিষয়কে বেছে নিচ্ছেন? সিপিএম নেতা সপ্তর্ষি দেব বলছিলেন, ‘আমাদের পার্টি জেনে নেওয়ার চেষ্টা করছে, এই সময়ের তরুণ-তরুণীরা ঠিক কী চাইছেন? তাঁদের কাছে এই মুহূর্তে ইস্যু কোনগুলি? আমরা এই বিষয়গুলি তাঁদের কাছ জেনে নিয়ে পর্যালোচনা করব।’
অনুষ্ঠানে গান গাইবেন আরাত্রিকা সিনহা। উত্তর ২৪ পরগনার আইপিটিএ ‘কান্ডারি হুঁশিয়ার’ নামাঙ্কিত সমবেত নৃত্য পরিবেশ করবে। পাশাপাশি র্যাপ গানও হবে। যেহেতু তরুণদের দিয়ে অনুষ্ঠান তাই বক্তব্য রাখবেন ঐশী ঘোষ, দীপ্সিতা ধর, আফরিন বেগম, এষণা সেন, অয়নাংশু সরকার, প্রণয় কার্যী, আকাশ কর ও সৌভিক দাস বক্সী। অনুষ্ঠানের মাধ্যমে দিল্লির যন্তরমন্তর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধের কাহিনি তুলে ধরা হবে। যন্তরমন্তরের অভিজ্ঞতা ভাগ করে নেবেন বক্তারা।
সপ্তর্ষি বলছিলেন, ‘বক্তরা তো নিজেদের কথা, নিজেদের অভিজ্ঞতা তুলে ধরবেন। তারপর তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সঙ্গে একটা কথপোকথনও রাখা হবে।’ নেতৃত্বের কথায়, কিউআর কোডে ইতিমধ্যেই এক হাজারের বেশি রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। তরুণদের উপস্থিতিতে প্রেক্ষাগৃহ ভরে যাবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।