


বেকেনহ্যাম: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য ভারত ‘এ’ দলের সঙ্গে শুভমান গিল ব্রিগেডের প্রস্তুতি ম্যাচ ঘিরে চলল অদ্ভুত লুকোচুরি। লাইভ স্ট্রিমিংয়ে বাধা দিয়েছিল বিসিসিআই। প্রচারমাধ্যমের উপস্থিতিতেও ছিল নিষেধাজ্ঞা। ভারতীয় দলের ব্যাটিং অর্ডার নিয়ে ধোঁয়াশা বজায় রাখাই উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। ফলে কে কত রান করলেন বা উইকেট নিলেন, তা প্রকাশ্যে এল না।
জানা গিয়েছে, পরিস্থিতি অনুসারে খেলায় জোর দেওয়া হয়েছিল। ব্যাট হাতে নজর কাড়েন লোকেশ রাহুল। সদ্য ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন তিনি। টেস্ট সিরিজেও ওপেনার হিসেবে খেলার কথা রাহুলের। ঋষভ পন্থকেও বড় শট নিতে দেখা যায়। প্রত্যেক বোলারকে ১৫ ওভার করানোয় জোর দেওয়া হয়েছিল। কোচ গৌতম গম্ভীরের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন ডয়েসকাটে, বোলিং কোচ মর্নি মর্কেলের তত্ত্বাবধানে চলে ম্যাচ। ঋতুরাজ গায়কোয়াড় সম্ভবত নেতৃত্ব দেন ‘এ’ দলকে। কিপিংয়ের দায়িত্বে ঈশান কিষান ছিলেন বলে খবর ভাসছে।
তবে টেস্ট সিরিজের জোরদার প্রস্তুতির মধ্যেও ভারতীয় শিবিয়ে রয়েছে অশান্তির বাতাবরণ। বৃহস্পতিবার নেটে ব্যাটিংয়ের সময়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গে কোচ গম্ভীরের উত্তপ্ত বাক্যবিনিময়ের খবর ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে জল্পনা বাড়ে। জানা যায়, প্রতি বলেই যশস্বী যেভাবে চালাচ্ছিলেন, তা পছন্দ হয়নি কোচের। রীতিমতো অসন্তুষ্ট গম্ভীর প্রচণ্ড বকাবকি করেন বাঁ-হাতি ওপেনারকে। যশস্বীও পাল্টা মন্তব্য করতে ছাড়েননি। তিনি অবশ্য দ্রুত নিজেকে সামলে নেন। ফের নেটে ফিরেও যান। তারপর কোচের কথা মেনে সংযত ভঙ্গিতে ব্যাট করেন। আর বেপরোয়া ব্যাট চালাননি। উল্লেখ্য, ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটো বেসরকারি টেস্টেও সেরা ছন্দে ছিলেন না যশস্বী।
এদিকে, টেস্ট ক্রিকেটে দ্বিতীয় ইনিংস শুরুর আগে আত্মবিশ্বাসী করুণ নায়ার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার কারণে আট বছর পর টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটেছে তাঁর।