


নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজে ব্যস্ত থাকবেন কোচ গৌতম গম্ভীর। শ্রেয়স আয়ারদের সঙ্গে জাপান যেতে পারবেন না তিনি। ফলে এশিয়ান গেমস ক্রিকেটে টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ। অতীতেও তাঁকে দেখা গিয়েছিল একই ভূমিকায়। ২০২৩ সালে ভারত সোনার পদক জিতেছিল। এবারও লক্ষ্মণের কোচিংয়ে শ্রেয়সদের সাফল্য নিয়ে আশাবাদী ক্রিকেট মহল।
বিগত কয়েক বছরে ভারতীয় ক্রিকেটে লক্ষ্মণের গুরুত্ব বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে দায়িত্বও। বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অব এক্সলেন্সের ডিরেক্টর তিনি। গত কয়েক মাসে আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফরে ভারতীয় দলের চরম বিপর্যয়ের পর মনে করা হচ্ছিল তাঁকে ডিরেক্টর অব ক্রিকেট করা হবে। অর্থাৎ, কোচ গৌতম গম্ভীরের মাথার উপরে বসানো হবে লক্ষ্মণকে। ভারতীয় দল নিয়ে গম্ভীর যখন শ্রীলঙ্কায়, তখন বোর্ড সচিব একান্তে বৈঠক করেছিলেন লক্ষ্মণের সঙ্গে। তাতে
তীব্র হয় জল্পনা। গত বৃহস্পতিবার মুম্বইয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিল বিসিসিআই। অনেকরই ধারণা ছিল, আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেটের ডিরেক্টর হিসেবে লক্ষ্মণের নাম ঘোষণা করা হবে। কিন্তু তা হয়নি। বরং উলটো সুর শোনা যায় বোর্ড সচিব দেবজিৎ শইকিয়ার কণ্ঠে, ‘লক্ষ্মণকে ডিরেক্টর অব ক্রিকেট নিযুক্ত করার কোনও পরিকল্পনা নেই বোর্ডের। আশা করব, এই বিষয়ে জল্পনা এবার বন্ধ হবে।’ উল্লেখ্য, ক্রমাগত খারাপ পারফরম্যান্স সত্ত্বেও কোচের দায়িত্বে থাকছেন গৌতম গম্ভীর। ২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত তাঁর এবং নির্বাচক প্রধান আগারকরের মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা থাকছে।
এদিকে, আর্থিকভাবে আরও শক্তিশালী হচ্ছে বিসিসিআই। ২০২৮ সাল পর্যন্ত দেশের মাটিতে ৩৫টি ম্যাচের জন্য তিনটি সংস্থার সঙ্গে চুক্তি করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্যাম্পা, এসবিআই লাইফ এবং চ্যাট জিপিটি ম্যাচ পিছু ১ কোটি ৩১ লক্ষ টাকা দেবে বোর্ডকে। মোট পাঁচটি কোম্পানি দরপত্র জমা দিয়েছিল। তার মধ্যে তিনটি সংস্থা সেরা বিড করায় স্পনসর হিসাবে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। নতুন স্পনসর বাবদ বোর্ডের কোষাগারে ঢুকবে প্রায় ১৩০ কোটি টাকা। তবে নতুন টাইটেল স্পনসর নিয়ে এখনও খোঁজ চালাচ্ছে বিসিসিআই।