


রিয়াধ: যাবতীয় জল্পনার অবসান। ২০২৭ পর্যন্ত আল নাসেরেই থাকছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবার সৌদি ক্লাবটির সঙ্গে আরও দু’বছরের চুক্তি নবীকরণ করলেন সিআরসেভেন। এদিন সোশ্যাল মিডিয়ায় ২০২৭ দেখা জার্সি হাতে এক ছবি পোস্ট করেন পর্তুগিজ মহতারকা। ক্যাপশনে লেখেন, ‘আরও এক নতুন অধ্যায়ের শুরু। সেই একই প্যাশন, একই স্বপ্ন চোখে নিয়েই আবারও ইতিহাস গড়ার লক্ষ্যে ঝাঁপাতে হবে।’ উল্লেখ্য, ২০২৩ সালে ইউরোপের পাঠ চুকিয়ে দু’বছরের চুক্তিতে আল নাসেরে সই করেন রোনাল্ডো। তবে সৌদি ক্লাবটির হয়ে সেভাবে সাফল্যের স্বাদ পাননি তিনি। গত মরশুমে ট্রফিহীন থাকতেই রোনাল্ডোর দল ছাড়া নিয়ে শুরু হয় গুঞ্জন। ক্লাব বিশ্বকাপের কথা মাথায় রেখে পর্তুগিজ মহাতারকাকে দলে পেতে ঝাঁপায় একের পর এক ক্লাব। তবে যাবতীয় প্রস্তাব নাকচ করে শেষ পর্যন্ত আল নাসেরেই থাকার সিদ্ধান্ত নিলেন তিনি।
এদিন সৌদি ক্লাবটির পক্ষ থেকে ৪০ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে হাঁটছেন ৪০ বছর বয়সি রোনাল্ডো। আর সবার শেষে তাঁর মুখে শোনা যায়, ‘আল নাসের ফর এভার।’ আসন্ন মরশুমে সৌদি লিগে ফের একবার ট্রফি জয়ের লক্ষ্যে ঝাঁপাতে মরিয়া আল নাসের। তার জন্য বেশ কিছু পজিশনে নতুন ফুটবলার সই করাতে পারে তারা। একইসঙ্গে কোচের পদে আসতে চলেছে পরিবর্তন। ইতিমধ্যেই ক্লাবকে বিদায় জানিয়েছেন স্টেফানো পিওলো। ক্লাবের পক্ষ থেকে নতুন কোচ দ্রুত নিয়োগ করাই লক্ষ্য।