


সংবাদদাতা, রামপুরহাট: কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে ব্যাপক ভক্ত সমাগম ঘটল তারাপীঠে। বিশেষ এই তিথিতে পুজো দিলে অশুভ শক্তির বিনাশ ঘটে, এই বিশ্বাসে শুক্রবার ভোর থেকেই তারাপীঠে উপচে পড়ল ভক্তের ঢল। ভোর থেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা। বেলা ১১টা বেজে ৫৪ মিনিটে কৌশিকী তিথি পড়তেই বিশাল লাইন পড়ে যায়। যা পূর্বসাগর মোড়ের প্রধান রাস্তা পর্যন্ত চলে আসে। বছরের এই একটি দিনে মাকে গভীররাতে শোলমাছ দিয়ে ভোগ নিবেদন করা হয়। এদিন ভোরে কৌশিকী তিথি শুরুর অনেক আগে থেকেই জীবিতকুণ্ড পাড়, ভিআইপি রাস্তা সহ সর্বত্র ভক্তদের লম্বা লাইন দেখা গিয়েছে। ভিড় এতটাই যে, মন্দিরের গলি পেরিয়ে প্রধান রাস্তার অনেকটা দূর পর্যন্ত লাইন চলে এসেছিল।