


বেঙ্গালুরু: বিরাট কোহলি বনাম মহেন্দ্র সিং ধোনির লড়াই হওয়ার কথা ছিল। কিন্তু রবিবার দেখা যাবে না দুই মহাতারকার দ্বৈরথ। চোট সারিয়ে মাহি কবে মাঠে নামবেন তা পরিষ্কার নয়। অবশ্য মাসখানেক আগে ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের নায়ক সঞ্জু স্যামসন আছেন চেন্নাই সুপার কিংস শিবিরে। কিন্তু প্রথম দুটো ম্যাচে তাঁর যা ফর্ম, তাতে হলুদ জার্সির সমর্থকরাই ভরসা পাচ্ছেন না। দু’ম্যাচে সঞ্জুর সংগ্রহ মোট ১৩ রান। ফলে রবিবার সন্ধ্যায় আকর্ষণের কেন্দ্রে এক এবং অদ্বিতীয় বিরাট। তাঁর ব্যাটে বড় রান দেখার আশায় ভিড় জমবে চিন্নাস্বামী স্টেডিয়ামে।
উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়েই প্রমাণিত যে, মেজাজেই আছেন কিং কোহলি। আর তা শুধু বাইশ গজে ব্যাট হাতে নয়, তার বাইরেও। শনিবার একটা ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তাতে মজার সুরে তাঁকে প্রশ্ন করা হয়, আরসিবি নাকি এবার পাঁচজন বিদেশি নিয়ে খেলছে? আসলে বিরাট যেহেতু এখন স্রেফ খেলার দিনগুলি বাদে বাকি সময় লন্ডনেই থাকেন, তাই তাঁকে ‘ওভারসিজ প্লেয়ার’ মন্তব্য করে চিমটি কাটেন সঞ্চালক। জবাবে হাসতে হাসতে কোহলির পালটা, ‘এটা আমাকে কেন জিজ্ঞাসা করা হচ্ছে বুঝছি না। বিদেশিদের জিজ্ঞাসা করুন। আমি তো বিদেশি ক্রিকেটার নই!’ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩৮ বলে ৬৯ নট আউট, ম্যাচ জিতিয়ে ফেরা বিরাটকে দেখাচ্ছে আত্মবিশ্বাসের তুঙ্গে।
গতবারের চ্যাম্পিয়ন আরসিবি এবার অভিযান শুরু করেছে দাপটে। বোলিংয়ে জস হ্যাজলউডের অভাব অনুভূত হতে দেননি জেকব ডাফি। তিন উইকেট নিয়ে সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচের সেরা এই কিউয়ি পেসার। এছাড়াও পেস বিভাগে আছেন অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার। স্পিন আক্রমণে রয়েছেন ক্রুনাল পান্ডিয়া ও সুয়াশ শর্মা। চেন্নাইয়ের মিডল অর্ডারে আয়ূষ মাত্রে, সরফরাজ খান, শিবম দুবেকে থামিয়ে রাখার দায়িত্ব তাঁদের কাঁধে।
টানা দুটো ম্যাচে হেরে রীতিমতো চাপে চেন্নাই। ধোনির অনুপস্থিতিতে ধরা পড়ছে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ের সীমাবদ্ধতা। পাঁচবারের চ্যাম্পিয়নদের বোলিংয়েও ফুটছে উঠছে দৈন্য দশা। দুটো ম্যাচ মিলিয়ে ৩০.৫ ওভারে চেন্নাইয়ের বোলাররা উপহার দিয়েছেন ৩৩৮ রান। নিয়েছেন বিপক্ষের মাত্র সাত উইকেট। ম্যাট হেনরি, খলিল আহমেদ, আংশুল কম্বোজকে নিয়ে গড়া পেস আক্রমণ পাতে দেওয়ার মতো নয়। দুই স্পিনার নূর আহমেদ ও রাহুল চাহার শুক্রবার পাঞ্জাবের বিরুদ্ধে আট ওভারে দেন ৮৪ রান। তাই বিরাট, ফিল সল্ট, দেবদূত পাদিক্কাল, টিম ডেভিডদের থামানো চেন্নাইয়ের কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।