


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যজুড়ে সরকারি সার্ভারে সাইবার হানা হয়েছে। ফলে সরকারি বহু তথ্য আপাতত ‘হ্যান্ডেল’ করা যাচ্ছে না। মনে করা হচ্ছে, বহু ডেটা গায়েব হয়ে গিয়েছে। এই অবস্থায় কলকাতা পুরসভার কর্মীদের বেতন পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। চলতি মাসের মাইনে কবে মিলবে, তা নিয়ে সংশয়ে ছিলেন কর্মীরা। কিন্তু সম্প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, গত মাসের স্যালারিই পাবেন কর্মীরা। অর্থাৎ গত মাসে যে কর্মী যত টাকা বেতন পেয়েছেন, এই মাসেও সমপরিমাণ বেতন পাবেন। এক পুরকর্তা বলেন, ‘সেপ্টেম্বর মাসে কে কত দিন কাজে এসেছেন, কতদিন অনুপস্থিত, কটা ছুটি নিয়েছেন—সমস্ত তথ্য সাইবার হানার ফলে আপাতত গায়েব। কিছুই জানতে পারছি না। সার্ভার পুরোপুরি রিকভারি হয়নি এখনও। তবে সম্প্রতি অর্ডার হয়েছে, গত মাসে যে যা বেতন পেয়েছেন, সেই তথ্য দেখেই এবার মাইনে দিয়ে দেওয়া হবে। পরে তথ্যভাণ্ডার রিকভারি হলে সেই বেতন অ্যাডজাস্ট করে দেওয়া হবে।’