


শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: অ্যানরয়েড মোবাইল হাতিয়ে সিম খুলে নিয়ে সাধারণ ফোনে সেটি ঢুকিয়ে তথ্য চুরির নতুন ফাঁদ পেতেছে সাইবার জালিয়াতরা। সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে প্রতারক চক্র। তাই মোবাইল চুরি বা হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে সিম ব্লক না করলে সমস্ত বিনিয়োগই চলে যাবে। এই ধরনের একের পর এক অভিযোগ আসছে বিভিন্ন থানায়। সেই কারণে পুলিশের পরামর্শ ফোন চুরি হলে সঙ্গে সঙ্গে যেভাবেই ব্লক করতে হবে সিম।
জেলা পুলিশের বিভিন্ন থানা এলাকায় প্রতিদিনই মোবাইল চুরি বা মিসিংয়ের অভিযোগ জমা পড়ে। রেল পুলিশের কাছে একই অভিযোগ আসে। এতদিন পর্যন্ত মোবাইল চুরি বা হাতাতো কেবল ট্রাডিশনাল অপরাধে জড়িত গ্যাং। পুলিশ সূত্রে খবর তাদের সঙ্গে এবার যুক্ত হয়েছে সাইবার জালিয়াতি চক্রের পাণ্ডারা। তারা ট্রেন বা বাসে মোবাইল হাতাচ্ছে সাধারণ মানুষের। মোবাইল হাতে আসার কয়েক মিনিটের মধ্যেই তার থেকে খুলে ফেলছে সিম। অ্যানরয়েড মোবাইলের ওই সিম ঢোকানো হচ্ছে কোনও সাধরণ কি প্যাড যুক্ত ফোনে। সিমটি নতুন ফোনে যুক্ত হলে অনলাইন বিভিন্ন পেমেন্ট অ্যাপ থেকে অনলাইন ব্যাঙ্কিং পোর্টালগুলি নতুন পাসওয়ার্ড তৈরি করতে বলছে। এই সুযোগ নিয়ে সাইবার জালিয়াতরা নতুন পাসওয়ার্ড তৈরি করে চুরি যাওয়া মোবাইলের মালিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে পড়ছে। সেখান থেকে কয়েক মিনিটের মধ্যে টাকা নিজেদের ওয়ালেটে ট্রান্সফার করে নিচ্ছে। নতুন সিম নেওয়ার পর সেটি অ্যাক্টিভেট হতে কিছুটা সময় লাগে। যে কারণে মোবাইলের গ্রাহক অনেক পরে জানতে পারছেন তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা চলে গিয়েছে। এই সুযোগে সাইবার জালিয়াতরা টাকা একাধিক অ্যাকাউন্ট ঘুরিয়ে ফেলছে। তাই টাকার ট্রেল পাওয়া যাচ্ছে না। অনেক ক্ষেত্রে গ্রাহকরা সিম ব্লক করতে দেরি করে ফেলছেন। এর সুযোগটা নিচ্ছে সাইবার প্রতারকরা। সেই কারণে পুলিশের পরামর্শ মোবাইল চুরি হা হারিয়ে গেলে সঙ্গে সঙ্গেই সিম ব্লক করতে হবে। তাড়াতাড়ি এই কাজ করা গেলে সাইবার জালিয়াতদের পক্ষে অ্যাকাউন্ট পুরোপুরি ফাঁকা করা সম্ভব হবে না।