


নিজস্ব প্রতিবেদন, রানাঘাট: সকালের ব্যস্ত সময় হোক বা সন্ধ্যার জনবহুল এলাকা, শহরের মূল সড়কগুলিতে মালবাহী লরির দাপট নিয়ে কোনও নিয়ন্ত্রণ নেই প্রশাসনের। বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যার শিকার শহরের অন্যতম ব্যস্ত রাস্তা ওল্ড বহরমপুর রোড ব্যবহারকারীরা। দিনের ব্যস্ত সময়ে ওই রোডে লরি লোডিং ও আনলোডিং করা হয়। প্রশাসনের নাকের ডগাতেই এই বেআইনি কাজ চলছে। শহরের যানজট পরিস্থিতি আরও জটিল করে তুলছে। হঠাৎ রাস্তা আটকে যাওয়ায় থমকে যাচ্ছে যান চলাচল। আটকে পড়ছে স্কুলপড়ুয়া, অফিসযাত্রী থেকে শুরু করে রোগীবাহী গাড়িও। শহরবাসীদের অভিযোগ, ভারী যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর কোনও ভূমিক নেই প্রশাসনের। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে শহরে বড় গাড়ি ঢোকার কথা থাকলেও বাস্তবে সেই নিয়ম মানা হচ্ছে না। স্কুল ও অফিস টাইমে ছাড়াও কোনও সময়েই লরি ঢুকে পড়ছে ব্যস্ত বাজার ও আবাসিক এলাকায়। ফলে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। জিএনপিসি রোড, সুভাষ অ্যভিনিউ, ছোট বাজার, ভাংড়াপাড়া কিংবা চৌরঙ্গি মোড়, এই গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলিতে দিনভর টোটোর অবাধ চলাচল পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যাত্রী তুলতে-নামাতে রাস্তার মাঝেই দাঁড়িয়ে পড়ছে টোটো। আচমকা টোটোগুলি দাঁড়িয়ে পড়ায় পিছনে থাকা গাড়িগুলি ধাক্কা মারতে মারতে কোনও রকমে বেঁচে যায়। আবার অনেক সময় টোটোর পিছনে ধাক্কাও মেরে দেয়।
পথচারীদের অভিযোগ, এখন নিরাপদে রাস্তা পার হওয়াও কঠিন হয়ে উঠছে। শহরের বাসিন্দারা স্মরণ করিয়ে দিচ্ছেন, গত জানুয়ারিতে দক্ষিণপাড়ায় লরির ধাক্কায় এক নাবালকের মৃত্যু হয়। তারপর পরিস্থিতি বদলাবে বলে অনেকে আশা করেছিলেন। কিন্তু কয়েক সপ্তাহ পেরিয়েও গেলও অবস্থার কোনও পরিবর্তন হয়নি। পুরসভার তরফে জানানো হয়েছে, ট্রাফিক পুলিশ ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে কিছু পরিকল্পনা করা হচ্ছে। বিষয়টি নিয়ে রানাঘাট পুরসভার চেয়ারম্যান কোশলদেব বন্দ্যোপাধ্যায় বলেন, শহরের যান নিয়ন্ত্রণ নিয়ে আমরা বেশকিছু পদক্ষেপ নিতে চলেছি। টোটোর জন্য নির্দিষ্ট দাঁড়ানোর জায়গা, অবৈধ পার্কিংয়ে কড়া নজরদারি এবং ভারী যানবাহন ঢোকার উপর নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। এই আওতায় ওল্ড বহরমপুর রোডে যখন তখন বড় লরি দাঁড় করিয়ে মাল লোডিং আনলোডিং করার ব্যাপারেও কড়া পদক্ষেপ নেওয়া হবে। যদিও শহরবাসী মতে পণ্য খালাস ও তোলার জন্য অন্য জায়গা করা দরকার।
এছাড়া নির্দিষ্ট সময়ে শহরে ট্রাক ঢোকার নিয়ম করা উচিত। শহরের ট্রাফিক ব্যবস্থা আরও ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে। এছাড়া রানাঘাটের যানজট সমস্যা কোনো দিনই মিটবে না।