


ওয়াশিংটন, ২ ফেব্রুয়ারি: দলাই লামা বিশ্বশান্তি, দয়া, ধৈর্য ও আশার কথা শুনিয়েছিলেন নিজের অডিও অ্যালবামে। সেই অডিও অ্যালবামটিই পেল গ্র্যামি পুরস্কার। ৬৮তম গ্র্যামির মঞ্চে সম্মানিত হয়েছেন এই ধর্মগুরু। দলাই লামার ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশনস অফ হিস হোলিনেস দ্য দলাই লামা’ অডিও অ্যালবামটি গ্র্যামি পেয়েছে অডিও বুক বিভাগে। এটি কোনও গানের অ্যালবাম নয়। এতে রয়েছে দলাই লামার উপদেশ, বাণী ও শান্তির বার্তা। সঙ্গে রয়েছে আবহসংগীত, যা সরোদশিল্পী আমজাদ আলি খান ও তাঁর দুই পুত্রের দ্বারা সঙ্গত।
এই পুরস্কার রবিবার(স্থানীয় সময়) ঘোষণা করা হয়েছে আমেরিকার লস অ্যাঞ্জেলসে গ্র্যামির মঞ্চে। দলাই লামার প্রতিনিধি হিসাবে এই পুরস্কার গ্রহণ করেন সংগীতশিল্পী রুফাস ওয়েনরাইট। গ্র্যামি পেয়ে দলাই লামা জানিয়েছেন, ‘আমি কৃতজ্ঞতার সঙ্গে এই সম্মান গ্রহণ করছি। আমি এটা ব্যক্তিগত প্রাপ্তি হিসাবে দেখছি না। এটা আমাদের সবার দায়বদ্ধতার স্বীকৃতিস্বরূপ। আমি বিশ্বাস করি বিশ্বের সকল মানুষের ভালো থাকার জন্য শান্তি, ধৈর্য, পরিবেশের প্রতি যত্ন এবং মানবিকতা গুরুত্বপূর্ণ। গ্র্যামি পুরস্কার এই বার্তাগুলিকে আরও বেশি ছড়িয়ে দিতে সাহায্য করবে।’ যদিও দলাই লামার গ্র্যামি পাওয়া নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। দলাই লামার এই পুরস্কার প্রসঙ্গে বেজিং জানিয়েছে, ‘এটি ধর্মের আড়ালে চীনের বিরুদ্ধে কার্যকলাপ।’