


মায়ামি: ম্যাচের বয়স তখন ৩২ মিনিট। কাসেমিরোর থ্রু ধরে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট রডরিগো ডে পলের। বল জালে জড়াতেই সাইডলাইনে এসে খুলে ফেললেন নিজের জার্সি। দেখা গেল তার নীচে আরও একটা জার্সি রয়েছে। লায়োনেল মেসির ১০ নম্বর। সতীর্থের জার্সি গ্যালারির দিকে দেখিয়ে পিতৃহারা লিও’কে গোল উত্সর্গ করলেন ডে পল। কাসেমিরো এবং বাকি সতীর্থরাও আর্জেন্তাইন মিডিওর সঙ্গে যোগ দেন। তবে মেসির অনুপস্থিতিতে লিগ কাপের ম্যাচে জিততে ব্যর্থ ইন্তার মায়ামি। শেষ পর্যন্ত মন্তেরেই ম্যাচটি ২-১ ব্যবধানে জিতে নেয়।
ম্যাচের শুরুতেই মেসির বাবা জর্জের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় ন্যু স্টেডিয়ামে। ইন্তার মায়ামির ফুটবলাররা হাতে কালো ফিতা বেঁধে নামেন। গ্যালারি থেকে ভেসে আসে মেসির নামে স্লোগান। কঠিন সময়ে প্রিয় তারকার পাশে থাকার বার্তা দেন অনুরাগীরা। ম্যাচের ৩২ মিনিটেই রডরিগো ডে পলের গোলে লিড নিয়েছিল ডেভিড বেকহ্যামের দল। তবে তা ধরে রাখতে পারেনি ইন্তার মায়ামি। ৪৭ মিনিটে মন্তেরেইকে সমতায় ফেরান হুগো। আর ৯০ মিনিটে মেক্সিকোর ক্লাবটির হয়ে জয়সূচক গোল করেন ডিয়েগো রসি।