


নিজস্ব প্রতিনিধি, হাওড়া: চোর সন্দেহে এক ব্যক্তিকে কারখানার ভিতরে বেঁধে রেখে দফায় দফায় গণপিটুনির অভিযোগ উঠল লিলুয়ায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। মৃতের নাম রাজকুমার চৌহান (৪৩)। বাড়ি উত্তরপাড়ায়। শুধু গণপিটুনি দিয়েই থামেনি অভিযুক্তরা, মৃত্যুর পর দেহটি অন্যত্র সরিয়ে দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় সেই চেষ্টা সফল হয়নি। এই ঘটনায় শুভজিৎ প্যাটেল ও সুমিত পাশওয়ান নামের দু’জনকে গ্রেপ্তার করেছে লিলুয়া থানার পুলিশ।
মঙ্গলবার রাতে লিলুয়া থানা সংলগ্ন একটি কারখানায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোবাইল চুরির সন্দেহে রাজকুমারকে কারখানার ভিতরে বেঁধে রাখা হয়। এরপর কারখানার কয়েকজন কর্মচারী তাঁকে দফায় দফায় মারধর করেন বলে অভিযোগ। মারধরের ফলেই তাঁর মৃত্যু হয়। এরপর দেহটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে কারখানায় হানা দেয় লিলুয়া থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় দেহটি। পাশাপাশি দু’জনকে গ্রেপ্তার করা হয়।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান হাওড়ার পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী সহ সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা। পুলিশ কমিশনার বলেন, ‘একটা খুনের ঘটনা ঘটেছে। দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। কী কারণে খুন, তা খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক তদন্ত হবে।’ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।