


নিউ ইয়র্ক: অশান্ত পাক অধিকৃত কাশ্মীর। সংশ্লিষ্ট অঞ্চলের স্বাধীনতাকামী মানুষের উপর বারবার বলপ্রয়োগের অভিযোগ উঠেছে পাকিস্তান সরকারের বিরুদ্ধে। পরিসংখ্যান বলছে, জুন মাসের প্রথম সপ্তাহ থেকে এ পর্যন্ত রাষ্ট্রীয় সন্ত্রাসে মৃত্যু হয়েছে ৪০০ জনের। স্থানীয় নির্বাচনে প্রথম দফাতেই হিংসায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন। পাকিস্তান সরকার অস্বীকার করলেও এই তথ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসংঘ। সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতেইরেজের মুখপাত্র সাফ জানিয়েছেন, পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি উদ্বেগজনক। শান্তিপূর্ণ আন্দোলনের উপর বল প্রয়োগের দায় পাকিস্তান সরকারকে নিতে হবে।
এই প্রথম নয়, এর আগেও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যার বিরুদ্ধে সরব হয়েছিল রাষ্ট্রসংঘ। গত ১৭ জুলাই ইউএন হাই কমিশনার ফর হিউম্যান রাইটস ভোলকের তুর্ক জানিয়েছিলেন,পাকিস্তান সরকার জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের হত্যারও অভিযোগ উঠছে। অবিলম্বে এই ঘটনাগুলির নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। পাক অধিকৃত কাশ্মীরে শান্তি বজায় রাখারও আহ্বানও জানান তিনি। এদিন গুতেইরেজের মুখপাত্র ফারহান হকও শুক্রবার সেই প্রসঙ্গ উত্থাপন করেন।