


ভারতের বিভিন্ন রাজ্যের ভৌতিক কাহিনিকে মজাচ্ছলে পরিবেশন করা হয় হরর কমেডি ইউনিভার্সে। সেটাই ম্যাডক ফিল্মসের এই ফ্র্যাঞ্চাইজির ইউএসপি। ‘স্ত্রী’, ‘মুঞ্জ্য’, ‘ভেড়িয়া’, ‘থামা’— প্রতিটি গল্পই দর্শক মহলে সমাদৃত। এবার এই ইউনিভার্সে যুক্ত হচ্ছে বাংলার হাড়হিম করা ভৌতিক কাহিনি। শাকচুন্নির গল্প। আর সেই চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। ইন্ডাস্ট্রির অন্দরে জল্পনা তেমনই। বলিউডের একাধিক তারকা বর্তমানে এই ফ্র্যাঞ্চাইজির অংশ। দীর্ঘদিন ধরেই হরর কমেডির অংশ হতে চেয়েছেন দীপিকা নিজেও। অবশেষে প্রস্তাব গিয়েছে তাঁর কাছে। শোনা যাচ্ছে, গল্পটি পছন্দ হয়েছে নায়িকার। যদিও তিনি এখনও চুক্তিবদ্ধ হননি। দীপিকা রাজি হলেই ছবির ঘোষণা করবেন নির্মাতারা। সদ্য মুক্তি পেয়েছে এই ইউনিভার্সের আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মন্দানা অভিনীত ‘থামা’। এছাড়াও অনীত পাড্ডার ‘শক্তি শালিনী’ মুক্তির অপেক্ষায়। উল্লেখ্য, এর আগেও বাঙালির চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। ‘পিকু’ ছবিতে তাঁর চরিত্রটি বাঙালি। এবার বাঙালি ভূতের চরিত্রটি তিনি করেন কি না, তা নিয়ে চর্চা চলবে।