


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা ইন্ডাস্ট্রির জন্য সুখবর। এবার থেকে প্রত্যেকটি সিঙ্গল স্ক্রিনে প্রাইম টাইমের মধ্যে অন্তত একটি বাংলা সিনেমা চালাতেই হবে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে। বছরের প্রতিটি দিনই এই নিয়ম মেনে চলতে হবে। গত বৃহস্পতিবার নন্দনের বৈঠকের পর এমন ইঙ্গিতই মিলেছিল। এবার সেটিতেই সরকারিভাবে শিলমোহর দেওয়া হল। পাশাপাশি বদলে গিয়েছে প্রাইম টাইমের সংজ্ঞাও। আগে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রাইম টাইম ধরা হত। সেক্ষেত্রে অনেকেই অসুবিধার মুখে পড়তেন। সন্ধ্যায় বাংলা ছবি চলছে না বলে অভিযোগও উঠত। সেই সমস্যারও সমাধান করা হয়েছে। এবার থেকে দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত প্রাইম টাইম হিসেবে গণ্য হবে। এর ফলে দর্শক আরও বেশি বাংলা ছবি দেখতে পাবেন এবং আরও বেশি বাংলা ছবি তৈরি হবে বলে আশাবাদী সকলেই।
আজ, বুধবার নন্দনে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করা হয়েছে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনগুপ্ত, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, পরিচালক অরিন্দম শীল, প্রযোজক নিসপাল সিং রানে, রানা সরকার-সহ আরও অনেকে। তাঁরা জানিয়েছেন, সকল পক্ষ মিলে বৈঠকের পর সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। এর ফলে সার্বিকভাবে উন্নতি হবে বাংলা ইন্ডাস্ট্রির। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানিয়েছেন সকলে।