


নিজস্ব প্রতিনিধি, বারাসত: আবাস যোজনায় উপভোক্তাদের কাছ থেকে নেওয়া ‘কাটমানি’ ফেরত দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল দেগঙ্গায়। মঙ্গলবার রাতে চারজন উপভোক্তার হাতে পাঁচ হাজার টাকা করে ফিরিয়ে দেন তৃণমূলের এক নেতা। বাকি উপভোক্তার টাকা আগামী এক সপ্তাহের মধ্যে ফেরত দেওয়া হবে বলে লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন পঞ্চায়েত সদস্যার স্বামী মতিয়ার রহমান মোল্লা। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার বেড়াচাঁপা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গিলাবেড়িয়ার ১৭১ নম্বর বুথে। এই বুথের পঞ্চায়েত সদস্যা মমতাজ বিবির স্বামী মতিয়ার রহমান মোল্লা এলাকায় তৃণমূলের প্রভাবশালী নেতা হিসাবেই পরিচিত। অভিযোগ, আবাস যোজনার ঘর অনুমোদনের নাম করে কারও কাছ থেকে পাঁচ হাজার, কারও থেকে আট হাজার, কারও থেকে আবার ১০ হাজার টাকা পর্যন্ত নিয়েছিলেন ওই পঞ্চায়েত সদস্যার স্বামী। শুধু মতিয়ার নন, তাঁর কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীও কাটমানি আদায়ের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এ নিয়ে ক্ষোভ ছিল উপভোক্তাদের মধ্যে। সম্প্রতি স্থানীয় বিজেপি নেতৃত্বের উদ্যোগে একাধিক উপভোক্তা দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, আবাস প্রকল্পের সুবিধা পেতে তাঁদের কাছ থেকে বেআইনিভাবে টাকা আদায় করা হয়েছিল। থানায় অভিযোগ জমা পড়ার পরই পরিস্থিতি ঘুরতে শুরু করে। অভিযোগ প্রকাশ্যে আসার পর পুলিশি পদক্ষেপের আশঙ্কায় অভিযুক্তদের উপর চাপ বাড়তে থাকে। এরপরই উপভোক্তাদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেন এই তৃণমূল নেতা। মঙ্গলবার রাতে চারজন উপভোক্তার হাতে পাঁচ হাজার টাকা করে ফেরত দেওয়া হয়। বাকি ২০ জনের পাওনা আগামী সাতদিনের মধ্যে মিটিয়ে দেওয়া হবে বলে মুচলেকা দেন মতিয়ার।