


নয়াদিল্লি: ২০২০ সালে উত্তর-পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক সংঘর্ষে নৃশংসভাবে খুন করা হয়েছিল আইবি আধিকারিক অঙ্কিত শর্মাকে। সেই ঘটনায় শুক্রবার আপ কাউন্সিলার তাহির হোসেন ও তাঁর ৪ শাগরেদকে আজীবন কারাবাসের সাজা দিল দিল্লির নিম্ন আদালত। তাহির ছাড়া অন্য সাজাপ্রাপ্তরা হলেন নাজিম, কাসিম, জাভেদ ও আনাস। চলতি মাসেই খুন, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছিল আদালত। যদিও দিল্লি পুলিশের দাবি মেনে তাহির ও অন্য দোষীদের ফাঁসির সাজা দেয়নি আদালত। বিচারক জানিয়েছেন, এই ঘটনা ‘বিরলের মধ্যে বিরলতম’ নয়।
রায় ঘোষণার সময় আধিকারিককে খুনের ঘটনার নৃশংসার কথা উল্লেখ করেন বিচারক প্রবীণ সিং। অঙ্কিতের গায়ে মোট ৫১টি আঘাতের চিহ্ন মিলেছিল। তার মধ্যে ৭টি প্রাণঘাতী। খুনের পর আইবি আধিকারিকের গলায় পেঁচিয়ে দেওয়া হয়েছিল তারই পোশাক। তারপর অঙ্কিতের দেহ ‘পশুর মতো’ টানতে টানতে একটি নালায় ফেলে দেওয়া হয়। বিচারক বলেন, এই অপরাধ ‘অত্যন্ত গুরুতর’। সমাজের বিবেক নাড়িয়ে দিয়েছে। সাম্প্রদায়িক হিংসার সময় এই নৃশংসতা সমাজকে নতুনভাবে ভাবতে বাধ্য করেছে।