


বেঙ্গালুরু, ১৮ এপ্রিল: টানটান ম্যাচে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারালো দিল্লি ক্যাপিটালস। শেষ ওভারে জয়ের জন্য দিল্লির দরকার ছিল ১৫ রান। এই ওভারে ডেভিড মিলারের জোড়া ছক্কায় ম্যাচ পকেটে পুরে নেয় দিল্লি। প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু তোলে আট উইকেটে ১৭৫ রান। দুরন্ত শুরু করেন ফিল সল্ট ও বিরাট কোহলি জুটি। ষষ্ঠ ওভারে দলের একান্ন রানের মাথায় আউট হয়ে যান কোহলি। তিনি ১৩ বলে ১৯ রান করেন। তবে আজ রানে ফিরলেন সল্ট। তিনি ৩৮ বলে করলেন ৬৩ রান। পরের দিকে টিম ডেভিড ২৬ রান করলেও বেঙ্গালুরুর আর কেউই বড় রানের ইনিংস খেলতে পারলেন না । ফলে কুড়ি ওভারে ১৭৫ রানে আটকে যায় বেঙ্গালুরু।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দিল্লি। প্রথম ওভারেই আউট হন পাথুম নিশাঙ্কা। এরপর তৃতীয় ওভারে মাত্র পাঁচ রান করে ফিরে যান করুন নায়ার। ওই ওভারেই ফর্মে থাকা সমীর রিজভিকে আউট করেন ভুবনেশ্বর কুমার। তিন ওভারে মাত্র ১৮ রানে তিন উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় দিল্লি। এরপর ব্যাটিং এর হাল ধরেন ওপেনিংয়ে নামা রাহুল এবং ট্রিস্টিয়ান স্টাবস। ৩৪ বলে ৫৭ করে আউট হন রাহুল। এরপর স্টাবসের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক অক্ষর প্যাটেল। তবে ব্যক্তিগত ২৬ রানে পায়ে মারাত্মক ক্র্যাম্প ধরায় অবসৃত হন অক্ষর। এরপর স্টাবস মিলার জুটি দিল্লির জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। স্টাবস অপরাজিত থাকেন ৬০ রানে, মিলারের সংগ্রহ অপরাজিত ২২।
এই জয়ের ফলে পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এলো দিল্লি ক্যাপিটালস। ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দু নম্বরে বেঙ্গালুরু। তবে তারা খেললো ছটা ম্যাচ।