


নয়াদিল্লি, ১১ ডিসেম্বর: সলমন খানের ব্যক্তিত্বের অধিকার রক্ষায় হস্তক্ষেপ করল দিল্লি হাইকোর্ট। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে বিশেষ নির্দেশ দিল আদালত। ‘ব্যক্তিগত অধিকার’ সংরক্ষণের জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বলিউডের ভাইজান। আজ, বৃহস্পতিবার সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল। যাতে বিচারপতির মতামত, যাঁরা বাণিজ্যিক পণ্য বিক্রির জন্য অভিনেতার অনুমতি ছাড়া নাম, ছবি, কণ্ঠস্বর সহ অন্যান্য ব্যক্তিগত বিষয় ব্যবহার করেন, তার বিরুদ্ধে তিনিও। এই বিষয়ের উপর বিচারপতি মনমীত প্রীতম সিং আরোরা একটি স্থগিতাদেশের নির্দেশ জারি করবেন বলে জানান।
পাশাপাশি আদালতের নির্দেশ, সলমনের আবেদনের ভিত্তিতে তিনদিনের মধ্যে ব্যবস্থা নিতে হবে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে। অভিনেতার মামলাটিকে অভিযোগ হিসেবে দেখতেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সলমনের আর্জি ছিল, অনুমতি ছাড়া কেউ যেন নাম, ছবি, কণ্ঠস্বর, সংলাপ সহ তাঁর ব্যক্তিত্বের অংশ হিসেবে থাকা অন্যান্য বৈশিষ্ট্যগুলিকে কাজে না লাগাতে পারে। এদিন মামলার শুনানিতে অভিনেতার আইনজীবী বলেন, এআই চ্যাটবট, কয়েকটি ই-মার্কেটপ্লেস সলমনের ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করেছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর কিছু ফ্যান অ্যাকাউন্ট অনুমতি ছাড়াই সিনেমার সংলাপ, ছবি ফটোশপ করে ব্যবহার করছে। তা বিক্রিও হচ্ছে অনলাইনে। এইগুলি ঠিকভাবে বিবেচনা করা উচিত। তারপরেই দিল্লি হাইকোর্টের তরফে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির কাছে কড়া নির্দেশ যায়।
তবে সলমন নন, বিগত কয়েকদিনে দেশের একাধিক তারকা এই বিষয়গুলি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সবক্ষেত্রেই আদালত মামলাকারীদের পক্ষেই রায় দিয়েছে। তালিকায় রয়েছেন, অমিতাভ বচ্চন, করণ জোহার, সুনীল শেট্টি, অক্ষয় কুমারের মতো তারকারা।