


নয়াদিল্লি: টানা দ্বিতীয় দিন। শুক্রবারের পর শনিবারও বৃষ্টির দাপটে রাজধানীর বহু জায়গা জলের নীচে। হাঁটু জলে যান চলাচল তো বটেই, হাঁটাচলাও থমকে গিয়েছে। এদিন সকালেই আরও কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দেয় আবহাওয়া দপ্তর। এদিনও বহু গুরুত্বপূর্ণ রাস্তা থেকে শুরু করে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-নানা জায়গাতেই জল-যন্ত্রণার চেনা ছবি ধরা পড়েছে। জানা যাচ্ছে, ৪৮ নম্বর জাতীয় সড়ক থেকে বিমানবন্দরের সংযোগকারী রাস্তায় জল জমে রয়েছে। এছাড়া জলমগ্ন সঙ্গম বিহারের পালম এয়ারপোর্ট টানেল এবং নীম চক রোড। এই পরিস্থিতি নিয়ে দিল্লির বিজেপি সরকারকে খোঁচা দিয়েছে কংগ্রেস। সোশ্যাল মিডিয়া পোস্টে দ্বারকা এক্সপ্রেসওয়ে টানেলের ভিডিও পোস্ট করে কংগ্রেসের তরফে লেখা হয়, ‘গোয়া যেতে পারছেন না। কোনো সমস্যা নেই। দ্বারকা এক্সপ্রেসওয়ে টানেল বেড়িয়ে আসুন। এর টইটম্বুর জল আর তার ঢেউ পুরো গোয়ার মতোই অনুভব করাবে। আর বাকি দিল্লি ও এনসিআরে প্রতি কিলোমিটার আড়াইশো কোটি টাকা খরচে তৈরি রাস্তার অবস্থা দেখলেই বিজেপির দুর্নীতির আন্দাজ করতে পারবেন।’
এদিন পরিস্থিতি খতিয়ে দেখতে জলমগ্ন এলাকাগুলিতে যান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। দ্রুত জল নামানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে শুক্রবার থেকেই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে জল জমে ভোগান্তির শিকার কয়েক হাজার যাত্রী। একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, টার্মিনালের ভিতর থইথই করছে জল। এদিন সকাল সাড়ে আটটা থেকে সাড়ে এগারোটা, তিন ঘণ্টার বৃষ্টিতে দিল্লিতে জমা জলে দুর্ভোগের ছবি সামনে আসে।