


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অ্যাপ মারফত খাবার বণ্টনের অর্ডার ঢুকেছে। সেই খাবার প্রস্তুত হতে কিছুটা সময় লাগে। সেই কারণে খাবারের দোকানের সামনে অপেক্ষায় ছিলেন বেশ কিছু অ্যাপ নির্ভর খাদ্য সরবরাহকারী সংস্থার কর্মী। তাঁদের বাইকও ছিল দোকানের সামনেই। ভরদুপুরে সেখানে গিয়ে বেআইনি পার্কিংয়ের অভিযোগে ডেলিভারি বয়দের বাইকে পরপর জরিমানা করেন পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের এক সার্জেন্ট। ‘অমানবিক’ভাবে জরিমানার অভিযোগ তুললেন ১০-১২ জন খাবার সরবরাহকারী। একইসঙ্গে, ব্যক্তিগত পার্কিংয়ে ঢুকে বাইকে কেস দেওয়ার অভিযোগ করলেন তাঁরা। সার্জেন্ট ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ দেখান ডেলিভারি বয়রা। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ট্রাফিক সার্জেন্ট। ঘটনার লাইভ ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বর্তমান) সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে।
মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে সার্ভে পার্ক থানা এলাকার সন্তোষপুরে। এক ডেলিভারি বয় পলাশ হালদারের অভিযোগ, ‘আমাদের মতো বহু ডেলিভারি বয় রাস্তার ধারে দাঁড়িয়েছিল। রাস্তাতেও ছিলাম না। কোনোভাবে রাস্তা বেআইনিভাবে আটকানো হয়নি। তা সত্ত্বেও সার্জেন্ট গিয়ে অমানবিকভাবে, বেআইনিভাবে কেস দেন।’ কেন কেস দেওয়া হল? উর্দিধারীকে জিজ্ঞাসা করেন ডেলিভারি বয়’রা। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পাল্টা সার্জেন্টের বক্তব্য, ‘আইন মেনেই মামলা করা হয়েছে। বাইকগুলি সব ফুটপাতের উপরে ছিল। সেকারণেই মামলা করা হয়েছে।’ পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের সংশ্লিষ্ট সার্জেন্টের বিরুদ্ধে অমানবিকভাবে জরিমানা করার আরও বেশ কয়েকটি অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, এটিএমে টাকা তুলতে গিয়ে বাইরে বাইক রাখলেও দেদার জরিমানা করেন ওই উর্দিধারী। সেই ভিডিয়োও ভাইরাল হয়েছে সন্তোষপুর এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ই-কর্নারের বাইরে এটিএম ব্যবহারকারীদের বাইকে পরপর জরিমানা করেন ওই সার্জেন্ট। গ্রাহকদের বক্তব্য, ‘এবার কি টাকা তুলতে গেলে বাইক বা স্কুটার ঘাড়ে করে ভিতরে নিয়ে যেতে হবে?’