


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যে সব স্কুল ইসকনের অন্নামৃত ফাউন্ডেশনের থেকে মিড ডে মিল পাচ্ছে, সেগুলিকে ডিম সরবরাহের পন্থা নিয়ে রিভিউ বৈঠক হল বৃহস্পতিবার। কসবার শিক্ষাভবনে কলকাতা ডিআই অফিসে এই বৈঠকে নানা সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। ১ আগস্ট ইসকনের মিড ডে মিল পরিষেবা কলকাতার স্কুলগুলিতে সূচনা অনুষ্ঠানে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীই জানিয়েছিলেন, সপ্তাহে দু’দিন দেওয়ার জন্য ডিম নেওয়া হবে স্বনির্ভর গোষ্ঠীগুলির থেকে। তবে, এদিনের বৈঠকে বেশ কিছু সমস্যার কথা উঠে আসে বলে খবর। স্কুলগুলিকে এও প্রস্তাব দেওয়া হয়, আপাতত তারা কম্পোজিট গ্রান্ট থেকে ডিমের মূল্য চোকাক। তারপর সরকার সেই টাকা তাদের মিটিয়ে দেবে।
মূল সমস্যা কীভাবে, কাদের থেকে ডিম কেনা হবে, তা নিয়ে। জানা গিয়েছে, ডিম প্রতি আট টাকা দেওয়ার কথা বলা হয়েছে। তবে, এই টাকায় অনেক স্বনির্ভর গোষ্ঠীই রাজি হতে চাইছে না। আবার এমনও প্রস্তাব দেওয়া হয়েছে, সরকারি সংস্থা হরিণঘাটা ফার্ম থেকেও ডিম কেনা যেতে পারে। সেক্ষেত্রে স্কুলগুলি সরাসরিও কিনে নিতে পারে। যদিও, সরকারের তরফে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। একটি স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, রিভিউ বৈঠকে বিভিন্ন বিষয়েই আলোচনা হয়েছে। তবে, ডিম কীভাবে, কারা কিনবে, এ ব্যাপারে কোনও সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি।