


দুবাই, ১৪ সেপ্টেম্বর: ২০২৫ এ সূর্য কুমার যাদবরা শুরু করেছিলেন। ২০২৬-এ হরমনপ্রীত কৌররাও এশিয়া কাপের পুরস্কার বিতরণী মঞ্চ প্রত্যাখ্যান করলেন। কারণ, গত বছরের মত এবারও তাদের পুরস্কার নিতে হত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পাকিস্তানের মহসিন নাকভির হাত থেকে। গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পর পুরুষদের দল এশিয়া কাপের ট্রফি নিতে অস্বীকার করেন। পহেলগাঁও হত্যার পর থেকে ক্রিকেট মাঠেও একদিকে যেমন পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানো বন্ধ করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা, তেমনি চ্যাম্পিয়ন হলেও পাকিস্তানের মন্ত্রী এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নাকভির হাত থেকে ট্রফি নেওয়াও বন্ধ করে দিয়েছে তারা। সূর্যকুমারদের পথে হেঁটেই এবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েও পুরস্কার মঞ্চের ধারে কাছে গেলেন না হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। তারা প্রমাণ করে দিলেন, মাঠের মধ্যে দেশের সম্মান বজায় রাখতে যেমন সদা প্রস্তুত ভারতীয় ক্রিকেটাররা, তেমনি মাঠের বাইরেও।
প্রসঙ্গত গত বছর ভারতের ছেলেরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেন। তাদের দাবি ছিল ইউএই ক্রিকেট বোর্ডের ভাইস চেয়ারম্যানের হাত থেকে তারা ট্রফি নেবেন। কিন্তু তা না করে এরপর সেই ট্রফি নিয়ে নাকভি চলে যান এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দপ্তরে। যা এখনো সেখানেই রয়েছে।। এক বছর পার হয়ে গেলেও ভারতকে দেওয়া হয়নি। আর এবার মেয়েরাও একই পথে হাঁটলেন। এদিন ভারতীয় মহিলা দলের কোচ অমল মজুমদার বলেন ‘সরকারিভাবে ভারত এশিয়া চ্যাম্পিয়ন। আমাদের ট্রফি দিল, কি দিল না কিছু এসে যায় না।’ রবিবার ফাইনালে একপেশে ম্যাচে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারায় হরমনপ্রীত কৌরের দল।