


কলম্বো, ২৭ আগস্ট: ফলো অন করিয়েও শ্রীলঙ্কাকে হারাতে পারল না ভারত। অধরাই রইল জয়। ড্র হল দ্বিতীয় টেস্ট। শেষমেশ সিরিজে ১-০ ব্যবধানে জয়ী হল ভারত। আজ, বৃহস্পতিবার সকাল থেকেই সিরিজের দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ঝাঁঝ বাড়ান ভারতীয় বোলাররা। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেও শ্রীলঙ্কার সব উইকেট ফেলা সম্ভব হয়নি। চতুর্থ দিনে চালকের আসনেই ছিল ভারতীয় দল। মনে করা হচ্ছিল ধনঞ্জয়দের অলআউট করে দ্বিতীয় টেস্টেও জয় পাবে শুভমানদের দল। কিন্তু দিনুশার ১৩৩ রানের অপরাজিত ইনিংস সেই আশায় কার্যত জল ঢেলে দিল। লোয়ার অর্ডারদের ব্যাটসম্যানদের নিয়ে তিনি ম্যাচ বাঁচানোর যে লড়াই করলেন তা সত্যিই তারিফযোগ্য। এদিন ২২৯ রানে ৬ উইকেট হারিয়েই দিন শুরু করেছিল শ্রীলঙ্কা বাহিনী। শেষে ৯ উইকেট হারিয়ে ৪২৯ রানে ইনিংস শেষ করে ডিসিলভারা। নুয়ান্তা ৪৬ রানে এবং জয়সূর্য ২ রানে আউটের পরে ভারতের জয়ের আশা জেগেছিল। কিন্তু কুমারা ৯০ বল খেলে মাত্র ১২ রান করলেও ক্রিজে দীর্ঘক্ষণ টিকে ছিলেন। এরপর ফেরান্দো নেমে ২৪ বল খেলে ০ রানে অপরাজিত থাকেন। ক্রিজের অপর প্রান্তে মাটি আঁকড়ে দাঁড়িয়েছিলেন দিনুশা। অলআউট করা সম্ভব হয়নি শ্রীলঙ্কা দলকে। এরফলে নিশ্চত জয়ের দোরগোড়া থেকে ফিরতে আসতে হল ভারতীয় ক্রিকেট দলকে। টেস্টের শেষ দিনে মানব এবং জাদেজা ছাড়া কোনও বোলারই তেমন কিছু করে উঠতে পারেননি। যার খেসারৎ হিসেবে ম্যাচ হাতছাড়া হল ভারতের।
অন্যদিকে এই ম্যাচ ড্রয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথ আরও কঠিন হল ভারতের কাছে। তবে এখনও পর্যন্ত আশা কিন্তু শেষ হয়ে যায়নি। ভারতের হাতে রয়েছে আরও ৭টি টেস্ট ম্যাচ। আগামী নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের সফরে যাবে শুভমানরা। এছাড়া আগামী বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতেই ৫টি টেস্টের বর্ডার-গাভাসকার ট্রফি খেলবে ভারত। এই টেস্টগুলিতে জিততে পারলে তবেই টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠার আশা বাড়বে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।