


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বড়বাজারে হাওলার অফিসে এক কোটির বেশি টাকা ডাকাতির ঘটনায় ভিন রাজ্যের গ্যাং জড়িত রয়েছে। তদন্তে নেমে এমনটাই অনুমান করছেন গোয়েন্দারা। তবে তাদের ওই অফিসের কোনো কর্মী নিয়ে এসেছিল কি না, তা জানার চেষ্টা চলছে। অফিসের মালিকসহ সমস্ত কর্মচারীর মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখার কাজ চলছে। একইসঙ্গে ডাকাতি হওয়া টাকার আসল অঙ্ক কত, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
বুধবার বিকালে বড়বাজার এলাকায় হাওলার অফিস থেকে ১ কোটি ৩০ লক্ষ টাকার ডাকাতি হয়। ওই সময় অফিসে তিনজন ছিল। অফিসের মালিকের দাবি, তিন দুষ্কৃতী ভিতরে ঢুকেছিল। তারা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে এই টাকা লুট করে পালায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারছে, দুষ্কৃতীরা বিহার ও ঝাড়খণ্ডের বাসিন্দা। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি। তদন্তকারীদের অনুমান, তাদের কেউ কলকাতায় নিয়ে এসেছিল। ওই অফিসে যে বিপুল টাকা আসে, সেই খবর তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। তারপরই তারা কলকাতায় হাজির হয়। কিন্তু কে তাদের নিয়ে এল, সেটাই জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এক্ষেত্রে অফিসের কর্মীরাই সন্দেহের তালিকায় রয়েছেন। ঘটনার আগে বা পরে তাঁদের মোবাইলে কাদের ফোন এসেছিল এবং বিহার-ঝাড়খণ্ড থেকে ঘনঘন কল আসছিল কি না, খতিয়ে দেখছেন অফিসাররা।