


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে সুসংবাদ! বড়পর্দায় মুক্তি পাচ্ছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটির শেষ সিনেমা ‘ধূমকেতু’। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় এই সিনেমার শ্যুটিং শেষ হয়ে গিয়েছে বহু বছর আগে। কিন্তু কোনও এক কারণে প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি সিনেমাটি। অবশেষে অভিনেতা-প্রযোজক দেব ও ‘ধূমকেতু’র অন্যতম প্রযোজক রানা সরকার জানিয়েছেন আগামী ১৪ আগস্ট বড়পর্দায় মুক্তি পাবে সিনেমাটি।
সেই সঙ্গে মুক্তি পেয়েছে সিনেমার নতুন এক পোস্টারও। যাতে দেখা গিয়েছে বৃদ্ধ দেবকে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘ধূমকেতু’কে কেন্দ্র করে ব্যাপক উন্মাদনা রয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে। কারণ দেব ও শুভশ্রীর হিট জুটির এটিই শেষ অভিনীত সিনেমা। জানা গিয়েছে, এই সিনেমাতে এক অন্য লুকে ও মেজাজে দেখা যাবে দেবকে। টলিউড সূত্রে খবর, চলতি মাসের ১৬ মে বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল ‘ধূমকেতু’র। কিন্তু সেই মুক্তির তারিখ পিছিয়ে দিয়ে ১৪ আগস্ট করা হয়েছে।