


নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র-পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তীকে আট দিনের পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দিল বারাসত আদালত। বুধবার তাঁকে আদালতে পেশ করা হলে তদন্তকারীরা তাঁর বিরুদ্ধে আরও একটি নতুন মামলা যুক্ত করেন। সেই মামলার ভিত্তিতেই বিচারক আগামী ৩০ জুলাই পর্যন্ত তাঁকে পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে মোট ৯টি মামলা রয়েছে। প্রথমে তাঁকে ২০৭ নম্বর মামলায় গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। সেই মামলায় পুলিশি হেপাজতের মেয়াদ শেষ হওয়ার পর তদন্তের অগ্রগতির ভিত্তিতে একের পর এক নতুন মামলা যুক্ত করা হচ্ছে। বুধবার তদন্তকারীরা তাঁর বিরুদ্ধে ২৭৫ নম্বর মামলা দায়ের করে আদালতে পেশ করেন। মামলায় তোলাবাজি, সিন্ডিকেট চক্র পরিচালনা সহ একাধিক গুরুতর ধারায়
অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্তে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আদালতে দাবি করেন তদন্তকারীরা। সেই আবেদন মঞ্জুর করে বিচারক দেবরাজ চক্রবর্তীকে ফের আট দিনের পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দেন।