


নিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার বিকালে হঠাৎই মধ্যমগ্রামের ডাম্পিং গ্রাউন্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। দমকলের ন’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে প্রায় ছয় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আশপাশের কয়েকটি বাড়ি আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার খবর জানার পরেই এলাকায় পৌঁছন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ সহ জনপ্রতিনিধিরা। এদিন অগ্নিকাণ্ডের জেরে বারাসত ও মধ্যমগ্রামের বাসিন্দাদের বাড়ির ছাদে উড়ে পড়ে ছাই। এমনকী রাস্তাতেও ছাই পড়ে থাকতে দেখা যায়। জানা গিয়েছে, মধ্যমগ্রাম পুরসভা ২ নম্বর ওয়ার্ডের বাদু ঢালিপাড়াতে প্রায় ২৫ বিঘা জায়গায় পুরসভার একটি ডাম্পিং গ্রাউন্ড রয়েছে। এদিন দুপুরের পর সেখানে আগুন দেখতে পান স্থানীয়রা। দ্রুত আগুন বিধ্বংসী আকার ধারণ করে। খবর পেয়ে পুলিস ও দমকলের ন’টি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজে নেমে পড়ে। তবুও, আগুনের তীব্রতায় সংলগ্ন এলাকার কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ফলে, বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। অবিলম্বে ডাম্পিং গ্রাউন্ড স্থানান্তর করার দাবি তোলেন তাঁরা। স্থানীয় বাসিন্দা নাসিমা বিবি বলেন, আগুন ধরার পর কাউন্সিলারকে খবর দেওয়া হয়। কিন্তু উনি কিছু করেননি। উল্টে ওঁর স্বামী আমাদের শাসানি দিয়েছে উচ্ছেদ করার। আমার বাড়ির সব কিছু প্রায় পুড়ে গিয়েছে। রথীন ঘোষ বলেন, এখানে শহরের আবর্জনা ফেলার কারণে মিথেন গ্যাস তৈরি হয়। সেখান থেকেই আগুন ধরে ছড়িয়ে গেছে বলেই মনে হচ্ছে। পার্শ্ববর্তী বাড়িতে তাপে স্থানীয়রা ক্ষুব্ধ হন। পুরসভা এনিয়ে আলোচনা করবে। আমরা মানুষের কোনও সমস্য রাখব না। পুরসভার চেয়ারম্যন নিমাই ঘোষ বলেন, হুমকির কোনও ঘটনা ঘটেনি। আমরা পুরসভার পক্ষ থেকে পরিবারগুলির পাশে থাকব। নিজস্ব চিত্র