


হরিদ্বার: হরিদ্বারে ৫৪ কোটি টাকার জমি দুর্নীতির অভিযোগে দুই আইএএস অফিসার সহ ১০ সরকারি কর্মীকে বরখাস্ত করল পুষ্কর সিং ধামি সরকার। মঙ্গলবার বিবৃতি জারি করে এই খবর জানিয়েছে উত্তরাখণ্ড সরকার। এই দুর্নীতিতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সংশ্লিষ্ট জমি কেনা বা বিক্রিও আপাতত বন্ধ করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত সরকারি আধিকারিকদের মধ্যে রয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট করমেন্দ্র সিং, পুর কমিশনার বরুণ চৌধুরী ও সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অজয়বীর সিং। এছাড়াও দুই সরকারি কর্মীর চাকরির মেয়াদ বৃদ্ধির আদেশও বাতিল করা হয়েছে। বরুণ কমিশনার থাকার সময়ে হরিদ্বার পুর কর্পোরেশনে হওয়া সমস্ত কাজের অডিট করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কোনও স্তরেই দুর্নীতি সহ্য করা হবে না।’ গত সপ্তাহে তদন্ত রিপোর্ট জমা দেন আইএএস রণবীর চৌহান। রিপোর্টে জানানো হয়েছে, হরিদ্বারের একটি গ্রামে আবর্জনার স্তূপের পাশে একটি জমি ছিল। সেই কৃষিজমিকে বাণিজ্যিক হিসেবে দেখিয়ে ৫৪ কোটি টাকায় বিক্রি করা হয়েছিল।