


চেন্নাই: আইপিএলের শুরুতেই বড় ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। কাফ মাসলে চোটের কারণে আগামী দু’সপ্তাহ মাঠের বাইরে মহেন্দ্র সিং ধোনি। শনিবার সিএসকে’র তরফে এই খবর জানানো হয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘ধোনির রিহ্যাব চলছে। অন্তত দু’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ ‘থালা’।’
দু’সপ্তাহ মাঠের বাইরে থাকার অর্থ প্রথম চারটি ম্যাচে ধোনিকে পাবে না হলুদ জার্সিধারীরা। আগামী ৩০ মার্চ আইপিএলে অভিযান শুরু করবে সিএসকে। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। এরপর ৩ এপ্রিল পাঞ্জাব, ৫ এপ্রিল বেঙ্গালুরু ও ১১ এপ্রিল দিল্লির বিরুদ্ধে মাহিকে ছাড়াই খেলতে হবে তাদের। তবে ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁকে পাওয়া যেতে পারে। উল্লেখ্য, ধোনির বয়স এখন ৪৪। তবুও সিএসকে’তে তাঁর জুড়ি নেই। উইকেট কিপিংয়ে সঞ্জু স্যামসন হয়তো সামলে দেবেন। তবে মাহির ক্ষুরধার ক্রিকেটমস্তিষ্কের বিকল্প কোথায়? মাঠে ‘থালা’র উপস্থিতিই বাড়তি অক্সিজেন জোগায় পাঁচবারের চ্যাম্পিয়নদের।
অবশ্য আর কতদিনই বা চেন্নাইকে টানবেন তিনি! মানসিকভাবে যতই ফিট থাকুন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর আর দিচ্ছে না। গত মরশুমেও হাঁটুর চোট ভুগিয়েছিল ধোনিকে। এবার শুরুতেই কাফ মাসলের চোট। তাই বাড়তি দায়িত্ব নিতে হবে ঋতুরাজদের। অবশ্য সঞ্জুর অন্তর্ভুক্তির পরই প্রশ্ন উঠছিল, এবার আইপিএলে ধোনির ভূমিকা কী হতে চলেছে? এই প্রসঙ্গে সম্প্রতি তাঁর প্রাক্তন সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন বলেন, ‘ধোনি শেষ তিন মাস ধরে প্র্যাকটিস করছিল। তাই ও যে মনেপ্রাণে খেলতে প্রস্তুত, তা নিয়ে সংশয়ের অবকাশ নেই। তবে মাহিকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানোর কোনও মানে হয় না। টিম ম্যানেজমেন্ট যদি তেমনটা ভাবে তাহলে ধোনির অবসর নিয়ে নেওয়া উচিত। আমার মতে, ওর কিপিং করা উচিত। তাহলেই ঋতুরাজকে ঠিকভাবে গাইড করতে পারবে।’